পঞ্চগড় সদর বিএনপির নেতৃত্বে পরিবর্তন, নতুন কমিটিতে আবু দাউদ ও বাবু
স্নিগ্ধা খন্দকার স্টাফ রিপোর্টারঃপঞ্চগড় সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান আবু দাউদ প্রধান এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রদল ও যুবদল নেতা মাহফুজুর রহমান বাবু।
শনিবার (৩ মে) রাতে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ ফলাফল ঘোষণা করেন।
সভাপতি পদে আবু দাউদ প্রধান ৪৩৬ ভোট এবং সাধারণ সম্পাদক পদে মাহফুজুর রহমান বাবু ৪৩৩ ভোট পেয়ে নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক পদে ধাক্কামারা ইউনিয়ন বিএনপি সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আওরঙ্গজেব ৩৯০ ভোট পেয়ে বিজয়ী হন।
এর আগে বিকাল সাড়ে ৩টার দিকে প্রথম অধিবেশন শেষে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপজেলার দশটি ইউনিয়নের ৭১০ জন কাউন্সিলর ভোটগ্রহণে অংশ নেন। সন্ধ্যা পর্যন্ত চলে ভোটগ্রহণ। পরে জেলা বিএনপির আহ্বায়ক জাহেরুল ইসলাম কাচ্চুর নেতৃত্বে কেন্দ্রীয় দুই সাংগঠনিক সম্পাদকের উপস্থিতিতে ভোট গণনা শুরু হয় এবং রাত সাড়ে ১০টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।
সকালে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এবারের সম্মেলনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন বর্তমান আহ্বায়ক আনোয়ার হোসেন ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু দাউদ প্রধান। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সদস্য সচিব সেকেন্দার আলী ও মাহফুজুর রহমান বাবু। সাংগঠনিক সম্পাদক পদে লড়েন আওরঙ্গজেব ও মানিক।
উল্লেখ্য, ২০২০ সালে পঞ্চগড় সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। নতুন নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও সক্রিয় হবে বলে আশাবাদী নেতাকর্মীরা।








