ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৯:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে মুরগির বাচ্চা, খাদ্য ও ওষুধ বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, May 5, 2025 - 1:36 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 104 বার

রাজন আবেদীন রাজু, স্টাফ রিপোর্টার:সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন এবং জীবনমান বৃদ্ধি লক্ষ্য করে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সুফলভোগীদের মাঝে বাড়ন্ত মুরগির বাচ্চা, খাদ্য ও ওষুধ বিতরণ করা হয়েছে।

সোমবার (৫ মে) সকালে উপজেলার রহিমপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে ‘সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’-এর আওতায় ১৪১ জন উপকারভোগীর প্রত্যেককে ২০টি করে মুরগির বাচ্চা, ৫৯ কেজি খাদ্য এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রমা পদ দে। বিশেষ অতিথি ছিলেন রহিমপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবু সিতাংশু, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু এবং সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজা।

ডা. রমা পদ দে জানান, “এই প্রকল্পের মাধ্যমে শুধু মুরগির বাচ্চা নয়, প্রয়োজনীয় খাদ্য ও ওষুধ সরবরাহ করে উপকারভোগীদের পূর্ণ সহায়তা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়নেও এই সহায়তা কার্যক্রম চলবে।”

এই বিতরণ কার্যক্রমে উপকারভোগী ছাড়াও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের উদ্যোগ তাদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিক স্বাবলম্বিতার পথ সহজ করবে।