পঞ্চগড় সরকারি মহিলা কলেজে নতুন অধ্যক্ষের নিয়োগ বাতিলের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
স্নিগ্ধ খন্দকার স্টাফ রিপোর্টার:পঞ্চগড় সরকারি মহিলা কলেজে দেলোয়ার হোসেনকে অধ্যক্ষ হিসেবে নিয়োগের প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (৬ মে) সকাল ১০টায় কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শিক্ষার্থীরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে গিয়ে মহাসড়কে অবস্থান নেন এবং মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, দেলোয়ার হোসেন পূর্বে মকবুলা সরকারি কলেজের অধ্যক্ষ থাকাকালীন দুর্নীতি ও নানা অনিয়মে জড়িত ছিলেন। অভিযোগ ওঠার পর তাকে দিনাজপুর শিক্ষা বোর্ডে বদলি করা হয়েছিল। শিক্ষার্থীদের দাবি, এমন একজন বিতর্কিত ব্যক্তিকে পুনরায় একটি সরকারি কলেজে নিয়োগ দেওয়া অনভিপ্রেত ও অযৌক্তিক।
বক্তারা দ্রুত নিয়োগ বাতিল করে দেলোয়ার হোসেনকে অপসারণের দাবি জানান। তারা হুঁশিয়ারি দেন, দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।








