তথ্য আপা প্রকল্পের নারী কর্মীদের উপর হামলার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন
স্টাফ রিপোর্টারঃনিজেদের অধিকার আদায়ে দুই দফা দাবী বাস্তবায়নে যমুনা অভিমুখে আন্দোলনরত তথ্যআপা প্রকল্পের নারী কর্মকর্তা, কর্মচারীদের উপর অমানবিক ও ন্যাক্কারজনক পুলিশি হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে তথ্যআপা প্রকল্প (২য় পর্যায়) কর্মরত ময়মনসিংহ জেলার সকল নারী কর্মকর্তা-কর্মচারীরা।
মঙ্গলবার (৩ রা জুন) সকাল ১১টায় ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে
উক্ত মানববন্ধন কর্মসূচী পালন করে প্রতিবাদকারী তথ্য আপা নারী কর্মকর্তা-কর্মচারীরা।
আগে গত ২৮ মে সকাল থেকে চার দফা দাবি নিয়ে ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করে।
তথ্য আপাদের আগে চার দফা দাবি থাকলেও পরে সেটাকে দুই দফা করা হয়েছিলো। এর মধ্যে রয়েছে—প্রকল্পে কর্মরত সব জনবলকে সমগ্রেডে পদ সৃজন করে রাজস্ব খাতে স্থানান্তর এবং কর্তন করা বেতন ও ভাতা দ্রুত সময়ের মধ্যে পরিশোধ করা।
তথ্য আপা প্রকল্পের কর্মীরা বলছেন, আমরা অন্যান্য সরকারি চাকরির মতো পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে ২০১৮ সালের নভেম্বরে যোগ দিয়েছিলাম। ৪৯২টি উপজেলায় তথ্যকেন্দ্রে একজন করে তথ্যসেবা কর্মকর্তা (১০ম গ্রেড), দুজন তথ্যসেবা সহকারী (১৬ তম গ্রেড) ও একজন করে অফিস সহায়ক (২০ তম গ্রেড) মিলিয়ে মোট ১ হাজার ৯৬৮ জন মাঠ পর্যায়ে কর্মরত রয়েছি। আমরা তৃণমূল নারীদের স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, আইন, জেন্ডার, ব্যবসা, পরিবার পরিকল্পনা এবং সাইবার সিকিউরিটি এই ৮টি বিষয়ে জরুরি তথ্য সরবরাহ ও সহায়তা দিয়ে আসছি। তাহলে কেন আমাদের দাবি মেনে না নিয়ে উল্টো আমাদের উপর পুলিশি নির্যাতন চালানো হলো। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে আমাদের মানববন্ধনে কেন বাধা দিয়েছে পুলিশ। দাবী আদায়ে কথা বলার অধিকার আমাদের রয়েছে। তারপরও আমাদের নারী কর্মীদের উপর এই নৃশংস হামলার তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছি একই সাথে দোষীদের দৃষ্টান্ত মোলক শাস্তির দাবী করছি।
মানববন্ধনে বক্তব্য রাখেন সদর উপজেলা তথ্য সেবা কর্মকর্তা মোছাঃ ফারজানা বেগম,গৌরীপুর উপজেলা তথ্য সেবা কর্মকর্তা ফরিদা পারভীন, ত্রিশাল উপজেলা তথ্য সেবা কর্মকর্তা নাজমা খাতুন, ঈশ্বরগঞ্জ
উপজেলা তথ্য সেবা কর্মকর্তা সামিনা ইয়াসমিন লিজা প্রমূখ। মানববন্ধনে জেলার সকল উপজেলায় কর্মরত তথ্য আপা প্রকল্পের নারী কর্মকর্তা-কর্মচারীরা।







