মির্জাপুরে ফ্যামিলি ফেয়ার সুপারশপে আগুন, ক্ষতির পরিমাণ প্রায় ১.৫ কোটি
মোঃ রুবেল মিয়া,স্টাফ রিপোর্টারঃটাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন মসজিদ রোডে ফ্যামিলি ফেয়ার সুপার শপে অগ্নিকাণ্ডে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার (৬ জুন) জু,মার নামাজের পর দুপুর ২টার দিকে আলিম সুপার মার্কেটের আন্ডারগ্রাউন্ডে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফ্যামিলি ফেয়ার সুপার শপটি যৌথ মালিকানায় করা।
ফ্যামিলি ফেয়ার সুপার শপের মালিকদের একজন অংশীদার সাজ্জাদ হোসেন সাংবাদিকদের বলেন, দুপুরে সুপার শপ বন্ধ করে আমিসহ সবাই নামাজ পড়তে যাই। নামাজ শেষ করেই শুনি আমার সুপার শপে আগুন লেগেছে। এসি বিস্ফোরণ হয়ে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে তিনি ধারণা প্রকাশ করেন।
মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, সংবাদ পাওয়ার পর টাঙ্গাইল, দেলদুয়ার, মির্জাপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের ৩ ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পানির সু-ব্যবস্থা নাথাকায় কুমুদিনী গেইট থেকে পানি আনতে হয়েছে বলে আগুন নিয়ন্ত্রন আনতে বিলম্ব হয়। তবে এয়ারকন্ডিশন ব্লাস্ট হয়ে আগুনের সুত্রপাত হয়েছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, মির্জাপুর থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ মিয়া, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, ভবিষ্যতে যেন বড় ধরনের ক্ষতি না হয় এটা আমাদেরকে এলার্ম করে দিলো। প্রসাশন এ ব্যাপারে নিঃশ্বচুপ না থাকে। বহুতল ভবন নির্মাণে অগ্নিনির্বাপন ব্যবস্থা ও পানির পর্যাপ্ত ব্যবস্থা রেখে ভবন নির্মাণের ছাড়পত্র দেন।








