কমলগঞ্জে চাপাতির কোপে যুবক আহত, ঘাতক আটক
স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জে পূর্ব বিরোধের জেরে আরমান মিয়া (২৪) নামে এক যুবক চাপাতির কোপে গুরুতর আহত হয়েছেন। এ সময় জনতা ঘাতক আতাউরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার মুন্সিবাজার রাজমহলের সামনে এ ঘটনা ঘটে।
আহত আরমান ও আটককৃত আতাউর দুজনেই রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে আতাউর আরমানের ওপর চাপাতি দিয়ে হামলা চালায়। এসময় আরমান গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ঘটনার পরপরই পালানোর চেষ্টা করলে এলাকাবাসী ঘাতক আতাউরকে ধরে ফেলে পুলিশের কাছে হস্তান্তর করে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মো: মাহফুজুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত আতাউরকে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।








