ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ৫:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফুলপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, September 15, 2025 - 5:33 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 79 বার

বিশেষ সংবাদদাতাঃময়মনসিংহের ফুলপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব দপ্তরের কর্মকর্তারা পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। পুলিশের পাশাপাশি আনসার সদস্য মোতায়েন এবং প্রতিটি গুরুত্বপূর্ণ মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম সিমা। এতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান, ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাদি, তারাকান্দা অস্থায়ী আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার করিমুর ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মৌসুমী আক্তার, সমাজসেবা কর্মকর্তা শিহাব উদ্দিন খান, মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দেবল কুমার সাহা, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা পরিতোষ সরকারসহ বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

এছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, পূজা মণ্ডপ কমিটির সভাপতি ও সম্পাদক, ছাত্র প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশ নেন।

উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দেবল কুমার সাহা জানান, চলতি বছর ফুলপুর পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে মোট ৪৬টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। মহাষষ্ঠীর মাধ্যমে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে।

নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ওসি আব্দুল হাদি বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় আমরা সম্পূর্ণ প্রস্তুত। তবে সকলের সহযোগিতার মাধ্যমেই একটি আনন্দমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা সম্ভব। কোন ধরনের সন্দেহজনক বা বিশৃঙ্খল পরিস্থিতি দেখা দিলে সঙ্গে সঙ্গে প্রশাসনের সাথে যোগাযোগ করার অনুরোধ করছি।”

সন্দেহজনক পরিস্থিতিতে যোগাযোগের জন্য ইউএনও- ০১৭৩৩-৩৭৩৩৪০, ওসি- ০১৩২০-১০৩৪৫১, আর্মি ক্যাম্প- ০১৮৬১-৫৯৩০০৯ নাম্বার এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার নির্দেশনা দেওয়া হয়।

সমাপনী বক্তব্যে ইউএনও সাদিয়া ইসলাম সিমা বলেন, “শারদীয় দুর্গোৎসব বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব। এটি শত বছরের ঐতিহ্যবাহী উৎসব। এ উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। প্রতিটি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারিতে থাকবে। পাশাপাশি নির্বিঘ্ন বিদ্যুৎ সরবরাহ, স্বাস্থ্যসেবা ও ফায়ার সার্ভিসসহ সব ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে।”

সভায় উপস্থিত পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, প্রশাসনের আন্তরিক সহযোগিতায় এবারের শারদীয় দুর্গোৎসবও শান্তিপূর্ণ, সৌহার্দ্যমণ্ডিত ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে।