কাপ্তাই ৪১ বিজিবির অভিযানে অবৈধ বিদেশী সিগারেট সহ ১ জন আটক
কাপ্তাই প্রতিনিধি :- রাঙামাটির কাপ্তাই ৪১ বিজিবি অভিযান চালিয়ে ওয়াগ্গা জিপি গেইট সংলগ্ন চেক পোষ্ট থেকে সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে অবৈধ ৪ হাজার ৪শত ৯০ প্যাকেট প্যাট্রোন সিগারেট সহ একজনকে আটক করেছে। এসময় সিগারেট বহনকারী টয়োটা প্রাইভেট কার গাড়ীটি জব্দ করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম হুমায়ন কবীর চৌধুরী (৩৪)। তিনি চিৎমরম ইউনিয়ন এর মোঃ আক্তার হোসেন এর ছেলে।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ৪১ বিজিবি জানায়, ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখ আনুমানিক ১২টা ২০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লেঃ কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস্, অধিনায়ক, কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর নির্দেশক্রমে নায়েব সুবেদার মোঃ মাসুদ রানা এর নেতৃত্বে ব্যাটালিয়নের ১ নং জিপি গেইট সংলগ্ন চেক পোষ্টে একটি তল্লাশি অভিযান পরিচালনা করা হয় ।
উক্ত অভিযানে অবৈধভাবে বহনকৃত ৪,৪৯০ প্যাকেট প্যাট্রোন (UAE) সিগারেট, ০১টি আইফোন, ০১টি স্যামসাং মোবাইল, ০১টি টয়োটা (করলা) গাড়ীসহ একজন আসামী মোঃ পিতা-, গ্রাম-চিৎমরম মুসলিমপাড়া, পোষ্ট-শীলছড়ি, উপজেলা-কাপ্তাই, জেলা-রাঙ্গামাটিকে আটক করতে সক্ষম হয়। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৫৯ লক্ষ ১১ হাজার (ঊনষাট লক্ষ এগারো হাজার) টাকা। আটককৃত আসামী, মালামাল এবং গাড়ীটি কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) কর্তৃক কাপ্তাই থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে বলে জানানো হয়।
প্রসঙ্গত, কাপ্তাই হ্রদ ব্যবহার করে ভারত থেকে অবৈধ সিগারেট সহ বিভিন্ন মালামাল আনে পাচারকারীরা। এসব সিগারেট কাপ্তাই সড়ক ব্যবহার করে চট্টগ্রাম, ঢাকা শহরে পাচার করা হয়ে থাকে।








