রাজন আবেদীন রাজু, স্টাফ রিপোর্টার: ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর ২০২৫) সন্ধ্যা সাড়ে ৭টায় রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই দিনটি জাতিকে ঐক্যবদ্ধ করেছিল, দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনচেতা রাজনীতির নতুন দিগন্ত উন্মোচন করেছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় যে অবদান রেখেছেন, তা আজও আমাদের অনুপ্রেরণা জোগায়।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য জনাব দুরুদ আহমদ। তিনি বলেন,
“জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার চেতনা জাগ্রত করে। তরুণ প্রজন্মকে শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেমে অনুপ্রাণিত হতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব অলি আহমদ খান। তিনি বলেন,
এই দিবস শুধু বিএনপির নয়, এটি বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। আমরা ঐক্যের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম চালিয়ে যাচ্ছি।
সভাপতিত্ব করেন কমলগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক জনাব সোয়েব আহমদ। তিনি বলেন,
কমলগঞ্জের মানুষ সবসময় গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে। শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা সেই পথেই এগিয়ে চলেছি।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আবুল হোসেন ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব প্রত্যুষ ধর। তাঁরা বলেন,
৭ই নভেম্বরের চেতনা জাতীয় ঐক্যের প্রতীক। গণতন্ত্র, ন্যায়বিচার ও ভোটাধিকারের পুনঃপ্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি।
এছাড়াও বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রাসেল হাসান বক্ত, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জমির আহমেদ, মৌলভীবাজার জেলা আইনজীবী বিল্লাল হোসেন, নোমান, মাহবুব, জুলি, রোমানসহ আরও অনেকে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীসহ স্থানীয় সাংবাদিক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ ৭ই নভেম্বরের সকল শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।