ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৫:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

পঞ্চগড়ে যুবদলের নতুন কমিটি বাতিলের দাবি—ত্যাগী নেতাদের সংবাদ সম্মেলন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, November 17, 2025 - 11:56 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 51 বার

স্নিগ্ধা খন্দকার, স্টাফ রিপোর্টারঃ যুবদলের কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন তিনদিনের মধ্যে দাবি আদায় না হলে আন্দোলনের হুঁশিয়ারী

সদ্য ঘোষিত পঞ্চগড় পৌর ও পঞ্চগড় সদর উপজেলা যুবদলের কমিটিকে ‘একতরফা’ ও ‘পকেট কমিটি’ উল্লেখ করে তা বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীরা। রবিবার দুপুরে পঞ্চগড় প্রেস ক্লাবের হলরুমে পৌর ও সদর উপজেলা যুবদলের ত্যাগী ও নির্যাতিত নেতৃবৃন্দের ব্যানারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্য পাঠ করেন পঞ্চগড় পৌর যুবদলের সদ্য বিলুপ্ত আহ্বায়ক কমিটির সদস্যসচিব নুর ইসলাম দীপু। এসময় সদর উপজেলা যুবদলের সদ্য বিলুপ্ত আহ্বায়ক বশিরুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক ময়নুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে নুর ইসলাম দীপু বলেন, গত ১৩ নভেম্বর বিকেলে কেন্দ্র থেকে পঞ্চগড় সদর উপজেলা ও পৌর যুবদলের পাঁচ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়। তবে সেই কমিটি “মুলত একটি পকেট কমিটি” দাবি করে তিনি বলেন, দলের গঠনতন্ত্র অনুসরণ না করেই একতরফাভাবে কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী উপজেলা ও পৌর কমিটি জেলা যুবদলের অনুমোদনের পর কেন্দ্রে পাঠানোর কথা থাকলেও তা অনুসরণ করা হয়নি।

তিনি অভিযোগ তুলে বলেন, পঞ্চগড়-১ আসনের ধানের শীষের প্রার্থী কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করে কমিটি অনুমোদন করিয়েছেন। এতে দলীয় আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীরা বঞ্চিত হয়েছেন। যাদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে তারা যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন; বরং কেউ ছাত্রদল ও কেউ স্বেচ্ছাসেবক দলের রাজনীতিতে যুক্ত ছিলেন। গঠনতন্ত্র অনুযায়ী যুবদলে নেতৃত্ব পেতে হলে কমপক্ষে তিন বছর যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কথা, যা তারা পূরণ করেন না।

দীপু আরও বলেন, অবিলম্বে এই কমিটি বিলুপ্ত করে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানানো হচ্ছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী তিনদিনের মধ্যে দাবি মানা না হলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে পঞ্চগড় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল বলেন, “নতুন কমিটির বিষয়ে আমরাও কিছু জানতাম না। কাগজে পেয়ে হঠাৎ জানতে পারি। কেন্দ্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি, কিন্তু ফোনে কাউকে পাওয়া যাচ্ছে না।”

সংবাদ সম্মেলনের মাধ্যমে পঞ্চগড়ের ত্যাগী ও নির্যাতিত যুবদল নেতাকর্মীরা নতুন ঘোষিত কমিটি বাতিলের দাবি আরও জোরালোভাবে তুলে ধরলেন। কমিটির বৈধতা ও প্রক্রিয়া নিয়ে স্থানীয় নেতারা প্রশ্ন তুললেও কেন্দ্রীয় সিদ্ধান্ত এখনও অস্পষ্ট। আগামী তিনদিনে কোনো সমাধান না হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে।