ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৬:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বাংলার আকাশ রক্ষার অঙ্গীকারে ৪৪১ নব রিক্রুট শমশেরনগরে কুচকাওয়াজ সম্পন্ন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, December 11, 2025 - 12:14 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 128 বার
রাজন আবেদীন রাজু, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বাংলাদেশ বিমান বাহিনী স্টেশন শমশেরনগরে অবস্থিত রিক্রুটস ট্রেনিং স্কুল (আরটিএস)-এ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর ৫৩তম নব বিমানসেনা দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, এফএডব্লিউসি, পিএসসি। তিনি মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং আকর্ষণীয় মার্চ পাস্টের অভিবাদন গ্রহণ করেন। পরে কৃতি রিক্রুটদের হাতে ট্রফি তুলে দেন।
বিমান বাহিনী প্রধান তাঁর বক্তব্যে নবীন রিক্রুটদের সততা, একাগ্রতা ও নিষ্ঠা নিয়ে কাজ করে যোগ্য বিমানসেনা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। তিনি বলেন,
“অকৃত্রিম দেশপ্রেমের প্রেরণায় উজ্জীবিত হয়ে তোমরা বাংলার আকাশ মুক্ত রাখার দৃঢ় অঙ্গীকার বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখবে।”
এই কুচকাওয়াজের মাধ্যমে মোট ৪৪১ জন রিক্রুট বাংলাদেশ বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছেন।
এর মধ্যে এসি-২ মোঃ ওমর ইবনে নোমান শিক্ষা ও সার্বিক ক্ষেত্রে কৃতিত্ব দেখিয়ে শ্রেষ্ঠ রিক্রুট এর গৌরব অর্জন করেন।
এসি-২ রেদোয়ান আহম্মেদ জেনারেল সার্ভিস ট্রেনিং-এ সেরা রিক্রুট নির্বাচিত হন।
অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধানকে স্বাগত জানান বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ খায়ের উল আফসার, জিইউপি, এনডিসি, পিএসসি এবং রিক্রুটস ট্রেনিং স্কুলের অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন মোঃ খায়রুল বাসার, পিএসসি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মো: বিল্লাল হোসেন, স্থানীয় সামরিক অসামরিক গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রশিক্ষণ সমাপ্তকারী রিক্রুটদের অভিভাবকরা।
গৌরব, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্দীপ্ত পরিবেশে শেষ হয় ৫৩তম নব বিমানসেনা দলের এই মহিমান্বিত সমাপনী কুচকাওয়াজ।