ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৯:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

যাকাত ফাউন্ডেশনের উদ্যোগে পঞ্চগড়ে শীতার্তদের মাঝে রুম হিটার বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, December 18, 2025 - 1:05 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 62 বার

স্নিগ্ধা খন্দকার, স্টাফ রিপোর্টারঃমৃদু শৈত্যপ্রবাহে বিপর্যস্ত উত্তরের জনপদ পঞ্চগড়ে শীতার্ত দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে যাকাত ফাউন্ডেশন। শীতের তীব্রতা থেকে বিশেষ করে শিশু ও বয়স্কদের সুরক্ষায় জেলার সদর উপজেলার সাতমেরা ইউনিয়নে দেড় শতাধিক দরিদ্র পরিবারের মাঝে রুম হিটার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় সাতমেরা ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে রুম হিটার তুলে দেন যাকাত ফাউন্ডেশনের চেয়ারম্যান নাহিদ সুলতানা। এ সময় সাতমেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলামসহ ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের আগে ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রকৃত শীতার্ত ও দরিদ্র পরিবারের তালিকা প্রস্তুত করা হয়। সকাল থেকেই উপকারভোগীরা ইউনিয়ন পরিষদ চত্বরে জড়ো হন। রুম হিটার পেয়ে শীতার্ত পরিবারগুলোর মধ্যে স্বস্তি ও আনন্দ দেখা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ সুলতানা বলেন, উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের প্রকোপ তুলনামূলকভাবে বেশি। তীব্র শীতে এখানকার মানুষের কষ্ট লাঘবে যাকাত ফাউন্ডেশনের এই উদ্যোগ মানবিক দায়িত্ববোধ থেকেই নেওয়া। বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য রুম হিটার ও কম্বল কিছুটা হলেও স্বস্তি এনে দেবে। তিনি আরও বলেন, সমাজের বিত্তবানরা এগিয়ে এলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব।

উল্লেখ্য, চলতি শীত মৌসুমে যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা পঞ্চগড়ের পাশাপাশি কুড়িগ্রাম ও নীলফামারী জেলাতেও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। এ বছর সারাদেশে সংস্থাটি মোট ৩ হাজার ৬০০টি কম্বল, ১ হাজার ৫০০টি শাল এবং ৫০০টি রুম হিটার বিতরণ করছে।