ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ৩:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

মান্দায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জামায়াত প্রার্থীর বিরুদ্ধে

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, January 25, 2026 - 4:08 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 43 বার
নওগাঁ প্রতিনিধি: ৪৯ নওগাঁ-৪ মান্দা আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী খন্দকার আব্দুর রাকিবের বিরুদ্ধে। তিনি আচরণবিধি অমান্য করে রঙিন পোস্টার ব্যবহার করেছেন এবং পোস্টারে ছাপাখানার নাম ও মুদ্রণের সংখ্যা উল্লেখ করেননি। এ অভিযোগ তুলেছেন বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা।
সরেজমিনে দেখা যায়, তেঁতুলিয়া ইউনিয়নের বাংড়া গ্রামের মেডিকেল মোড়ে গুরুত্বপূর্ণ স্থানে জামায়াত মনোনীত প্রার্থী খন্দকার আব্দুর রাকিবের রঙিন পোস্টার সাঁটানো রয়েছে। অথচ নির্বাচনী আচরণবিধি অনুযায়ী পোস্টারে রঙ ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। পাশাপাশি কোথায় পোস্টারটি ছাপানো হয়েছে এবং কত কপি মুদ্রণ করা হয়েছে—এই তথ্য স্পষ্টভাবে উল্লেখ থাকা বাধ্যতামূলক।
এছাড়াও চৌজা, চন্দ্রকোনা, তেঁতুলিয়া, টিটিহারি ও কাঞ্চনপুরসহ তেঁতুলিয়া ইউনিয়নের একাধিক এলাকায় লাগানো পোস্টারগুলোতেও ছাপাখানার নাম ও মুদ্রণের সংখ্যা উল্লেখ নেই দেখা গেছে।
এ বিষয়ে বিএনপির স্থানীয় নেতারা বলেন,
“নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করতে পরিকল্পিতভাবে আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে। বিষয়টি আমরা নির্বাচন কমিশন ও প্রশাসনের দৃষ্টিতে আনার দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী খন্দকার আব্দুর রাকিব বলেন, ছাপাখানায় প্রেস এর নাম এবং সংখ্যা লিখতে ভুল হয়েছে ঠিক করা হচ্ছে। এবং রঙিন পোস্টার ব্যাপারে নেতাকর্মীদেরকে বোঝাতে একটু সমস্যা হচ্ছে তারা ভুলবশত লাগিয়েছে সেটা নামিয়ে নেওয়া হবে বলে জানান তিনি।#