ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৬:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

দুর্নীতিমুক্ত ইনসাফ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে ১০ দলীয় জোটকে বিজয়ী করতে হবে: মামুনুল হক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, January 27, 2026 - 7:06 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 77 বার
রাজন আবেদীন রাজু, স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, দুর্নীতিমুক্ত ইনসাফ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে হলে ১০ দলীয় জোটকে বিজয়ী করে সংসদে পাঠাতে হবে। তিনি বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হলেও স্বাধীনতার পর দেশ পরিচালনায় লুটপাট ও দুর্নীতির কারণে সাধারণ মানুষের ভাগ্যের প্রকৃত পরিবর্তন হয়নি।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর রোডের ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা মামুনুল হক আরও বলেন, দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে জুলাইয়ের গণঅভ্যুত্থানে তরুণরা তাজা প্রাণের বিনিময়ে দেশকে নতুন পরিবর্তনের পথে নিয়ে এসেছে। অথচ ইতোমধ্যে কিছু রাজনৈতিক দল দেশকে আবারও পুরনো পথেই ফিরিয়ে নেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেলে দেশের বঞ্চিত ১৮ কোটি মানুষ আবারও নিজেদের অধিকার প্রতিষ্ঠায় রুখে দাঁড়াবে।
মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনে ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা শেখ নূরে আলম হামিদীর পক্ষে আয়োজিত ওই সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা নুরুল মোত্তাকীন জুনাইদ। যৌথ সঞ্চালনায় ছিলেন মাওলানা সামছুল ইসলাম ও শাহ মিছবাহ।
সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির কুরবান আলী কাসেমী, হাফেজ সাইফুর রহমান, প্রার্থী মাওলানা শেখ নূরে আলম হামিদী, মৌলভীবাজার-৩ আসনের ১০ দলীয় জোট প্রার্থী আহমদ বিল্লাল, বরুণার পীর সাহেব মাওলানা শায়খ সাইদুর রহমান হামিদী, মুফতি হাবিবুর রহমান কাসেমী, মাওলানা আব্দুল মতিন, মাওলানা ফারুক আহমেদ, মুফতি লুৎফুর রহমান জাকারিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিকে একই দিন রাত ১০টায় শ্রীমঙ্গল রেলওয়ে মাঠে আরেকটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মামুনুল হক। তিনি রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা শেখ নূরে আলম হামিদীসহ মৌলভীবাজারের ১, ২ ও ৩ আসনের প্রার্থীদের এলাকাবাসীর সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং তাদের পক্ষে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।