পঞ্চগড় তেঁতুলিয়ায় বর্ষীয়ান নেতা ও বীর মুক্তিযোদ্ধা মহসিন আলী প্রধানের ইন্তেকাল
স্নিগ্ধা খন্দকার:পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার কৃতি সন্তান, বর্ষীয়ান রাজনীতিবিদ ও সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মহসিন আলী প্রধান আর নেই। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) রাত ১টা ৩০ মিনিটে বাংলাবান্ধা ধাইজান গ্রামস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তিনি বহু গুণগ্রাহী, আত্মীয়-স্বজন এবং শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট তানভীরের পিতা।
মরহুম মহসিন আলী প্রধান বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং তেঁতুলিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় উন্নয়ন, গণমানুষের সেবা ও সামাজিক কর্মকাণ্ডে তার বিশেষ ভূমিকা ছিল।
নামাজে জানাজা ও দাফন
আজ বিকেল ৩টায় ধাইজান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে পুলিশের একটি চৌকস দল তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। বিউগলের করুণ সুরে বিদায়ের আয়োজন সম্পন্ন হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে এই বীর সন্তানকে শেষ শ্রদ্ধা জানানো হয়।
জানাজায় জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং সর্বস্তরের মানুষের ঢল নামে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোক নেমে এসেছে। বিভিন্ন সংগঠন ও ব্যক্তিরা শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।








