ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ১১:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ঈদের আগেই বকেয়া বেতন-ভাতা পরিশোধের আল্টিমেটাম সিইউজে সভাপতির

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, March 12, 2026 - 2:37 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 25 বার

চট্টগ্রাম: চট্টগ্রাম প্রেসক্লাব দখল ইস্যুতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে গণমাধ্যম পরিবারের সব পক্ষকে এক কাতারে দাঁড়ানোর জোরালো আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী।

একই সঙ্গে আগামী ১৬ মার্চের মধ্যে সাংবাদিক-শ্রমিক-কর্মচারীদের বকেয়াসহ সম্পূর্ণ বেতন ও উৎসব ভাতা পরিশোধে সংবাদপত্র মালিকপক্ষের প্রতি কড়া আল্টিমেটাম দেন তিনি।

গত বুধবার (১১ মার্চ) নগরীর নূর আহম্মদ সড়কে চট্টগ্রাম সংবাদপত্র কম্পিউটার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মোহাম্মদ কায়েস চৌধুরীর সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি আজগর আলী সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
রিয়াজ হায়দার চৌধুরী বলেন, “গণমাধ্যম পরিবার আজ ক্রান্তিকাল অতিক্রম করছে। এই মুহূর্তে ঐক্য শুধু প্রয়োজন নয়, অনিবার্য।” সংবাদপত্রের মেরুদণ্ড হিসেবে কম্পিউটার অপারেটরদের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, “এই পেশাজীবীরা সংবাদপত্র তৈরিতে প্রধানতম ভূমিকা রাখলেও অনেকাংশে ন্যায্য স্বীকৃতি থেকে বঞ্চিত।”

চট্টগ্রাম সার্কিট হাউজে তথ্যমন্ত্রীর উপস্থিতিতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলার ঘটনার তীব্র সমালোচনা করে তিনি বলেন, সামগ্রিক মুক্তির স্বার্থে গণমাধ্যমের প্রতিটি অংশকে ঐক্যবদ্ধ হতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেডের জেনারেল ম্যানেজার এম. এ. সবুর সংবাদপত্রের আইটি বিভাগে কর্মরতদের ‘প্রকৃত শিল্পী’ আখ্যা দিয়ে বলেন, “তাদের শৈল্পিক নৈপুণ্যেই আমরা নিখুঁত পত্রিকা হাতে পাই।” পবিত্র রমজান প্রসঙ্গে তিনি বলেন, সিয়াম সাধনা মানুষকে আত্মশুদ্ধি ও সংযমের পথে পরিচালিত করে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সফিক আহম্মেদ সাজিব, চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাজেশ চক্রবর্তী, দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার শামীম হামিদ, চিত্রশিল্পী কিংশুক দাশ চৌধুরী এবং অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও উপদেষ্টা সাংবাদিক চৌধুরী আহছান খুররম।

সংগঠনের সাধারণ সম্পাদক সজল হোড় স্বাগত বক্তব্য রাখেন। অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করেন সংগঠনের সাবেক সভাপতি রকিবুল হক ও রতন বিশ্বাস। পবিত্র কোরআন তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সদস্য সাইফুর রহমান।