বাঘায় ঝালমুড়ি বিক্রির আড়ালে মাদক ব্যবসা: আটক দুই মাদক ব্যবসায়ী
সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী:রাজশাহীর বাঘায় পুলিশের এক বিশেষ অভিযানে ৫০ গ্রাম গাঁজা ও ১১ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার (১২ মার্চ) দিবাগত রাত ১২:৪৫ মিনিটে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের দাদপুর বাজার এলাকা থেকে তাদের আটক করে বাঘা থানা পুলিশের একটি চৌকস দল।
আটককৃতরা হলো, বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের দাদপুর চর-কালিদাসখালি গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৩৫) ও একই গ্রামের সিদ্দিক আলীর ছেলে স্বপন আলী (৪২)।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন পেশায় একজন ঝালমুড়ি বিক্রেতা। তিনি ঝালমুড়ি বিক্রির আড়ালে কৌশলে মাদকসেবীদের কাছে ছোট ছোট পোটলায় গাঁজা বিক্রি করতেন। তার এই অপতৎপরতার কারণে চর এলাকায় মাদকসেবীদের সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছিল। অন্যদিকে, স্বপন আলীকে ১১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক বিক্রির কথা স্বীকার করেছেন।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত দুইজনই পেশাদার মাদক ব্যবসায়ী। ইতিপূর্বেও তারা মাদক মামলায় গ্রেপ্তার হয়ে হাজতবাস করেছেন এবং বর্তমানে জামিনে ছিলেন। জামিনে বেরিয়ে তারা পুনরায় এই অবৈধ ব্যবসায় জড়িয়ে পড়েন।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, আটককৃত আসামিদের বিরুদ্ধে পৃথক দুটি মাদক মামলা রুজু করার প্রক্রিয়া চলমান রয়েছে। আইনিপদক্ষেপ শেষে আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
এছাড়াও বাঘা থানা পুলিশের পক্ষথেকে জানানো হয়, এলাকায় যেকোনো অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ বদ্ধপরিকর। অপরাধী ও মাদক সংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য বাঘাবাসীকে অনুরোধ জানানো হয়েছে।








