ঢাকা | মার্চ ১৫, ২০২৬ - ১১:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

তেঁতুলিয়ায় ইউএনও’র বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, March 15, 2026 - 1:05 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 10 বার

স্নিগ্ধা খন্দকার, স্টাফ রিপোর্টারঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় উন্নয়ন প্রকল্পের ফাইল পাস করাতে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহিন খসরুর বিরুদ্ধে। উপজেলার ৪ নম্বর শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম হাজারো মানুষের সামনে ইউএনও’র বিরুদ্ধে এই অভিযোগ তোলেন।

রোববার বেলা ১১টার দিকে শালবাহান ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে চেয়ারম্যান আশরাফুল ইসলামের আহ্বানে সকাল থেকেই ইউনিয়নবাসী জড়ো হন। সেখানে বক্তব্যে তিনি অভিযোগ করেন, তার ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ফাইল পাস করাতে ইউএনও আফরোজ শাহিন খসরু প্রকল্পের মোট বরাদ্দের ১৫ শতাংশ করে ঘুষ নিয়েছেন।

চেয়ারম্যান আশরাফুল ইসলাম বলেন, ঘুষের টাকা না দেওয়া পর্যন্ত ইউএনও কোনো ফাইল সই করেন না। তিনি আরও অভিযোগ করেন, ঘুষ আদায়ের ক্ষেত্রে ইউপি চেয়ারম্যান আলমগিরকে মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার করা হয়। তার দাবি, এভাবে শালবাহান ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ফাইল পাস করাতে প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকা দিতে হয়েছে।

তিনি বলেন, মসজিদ, মাদ্রাসা সংস্কারসহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ফাইল পাস করানোর সময় উৎকোচ দিতে হয়েছে। এ বিষয়ে আমার কাছে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ রয়েছে।

চেয়ারম্যান আশরাফুল ইসলাম আরও অভিযোগ করেন, এসব তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করায় ইউএনও তার প্রতি আক্রোশমূলক আচরণ করছেন এবং তাকে ইউনিয়ন পরিষদে না আসার জন্য মৌখিকভাবে নিষেধ করেছেন।

এ সময় উপস্থিত ইউনিয়নবাসীর উদ্দেশে তিনি বলেন, বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে তিনি স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমিরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

সভায় উপস্থিত ইউনিয়নের নারী-পুরুষসহ স্থানীয়রা চেয়ারম্যান আশরাফুল ইসলামের পাশে থাকার অঙ্গীকার করেন। তাদের দাবি, অভিযোগটি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

তবে অভিযোগ অস্বীকার করেছেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহিন খসরু। তিনি বলেন,ওই ইউপি চেয়ারম্যান আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন।

ইউএনও আরও বলেন, বিষয়টি তদন্ত হলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে। তার কাছেও ওই চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে।