শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে পিতার মৃত্যু, বড় ছেলে আশঙ্কাজনক
স্টাফ রিপোর্টার, শ্রীমঙ্গল: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে এক বৃদ্ধ নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বড় ছেলে, যার অবস্থা আশঙ্কাজনক।
বুধবার (১৫ এপ্রিল) দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটে উপজেলার কালাপুর ইউনিয়নের গাজীপুর আনসার ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আকল মিয়া (৮৮), পিতা মৃত আসকর মিয়া। গুরুতর আহত হয়েছেন তার ছেলে শহিদুর মিয়া (৪৫)। তাদের বাড়ি একই ইউনিয়নের গাজীপুর আনসার ক্যাম্প এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে আকল মিয়ার সঙ্গে তার ছোট ছেলে মশিক মিয়ার মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা তীব্র রূপ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় মশিক মিয়া তার হাতে থাকা ধারালো ডেগার দিয়ে বাবাকে আঘাত করেন। এতে আকল মিয়া ডান পাঁজরের নিচে গুরুতর জখম হন।
বাবাকে রক্ষা করতে এগিয়ে এলে বড় ছেলে শহিদুর মিয়াকেও নাভীর বাম পাশে ছুরিকাঘাত করা হয়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আকল মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত শহিদুর মিয়ার অবস্থার অবনতি হলে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর অভিযুক্ত মশিক মিয়া পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।








