রান্নাঘরের ইঁদুরের গর্তে লুকিয়ে ছিল বিষধর গোখরা
রাজন আবেদীন রাজু, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জানাউড়া গ্রামে একটি বসতবাড়ির রান্নাঘর থেকে বিরল প্রজাতির প্রাণঘাতী বিষধর গোখরা (কোবরা) সাপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলার জানাউড়া গ্রামের বাসিন্দা তারেক আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বাড়ির মহিলারা রান্নাঘর পরিষ্কার করার সময় ইঁদুরের গর্ত থেকে অস্বাভাবিক ফোঁসফোঁস শব্দ শুনতে পান। পরে গর্তের ভেতরে তাকিয়ে একটি বিষধর সাপকে ফণা তুলে থাকতে দেখে আতঙ্কে চিৎকার শুরু করেন তারা।
খবর পেয়ে ঘরের মালিক তারেক আহমেদ সাপটিকে কুঁচা দিয়ে মারার চেষ্টা করেন। তবে সাপটির আক্রমণাত্মক আচরণ ও বারবার তেড়ে আসার ভঙ্গি দেখে কেউ আর কাছে যাওয়ার সাহস পাননি।
পরবর্তীতে স্থানীয় সংবাদকর্মী আল আমিন বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করলে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় তারা কোনো প্রকার ক্ষতি ছাড়াই সাপটিকে গর্ত থেকে নিরাপদে উদ্ধার করেন।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, “উদ্ধার করা সাপটি অত্যন্ত বিষধর ও প্রাণঘাতী কোবরা। এ ধরনের সাপ সাধারণত লোকালয়ে খুব কম দেখা যায়। সাপটি বেশ হিংস্র আচরণ করছিল, তবে সতর্কতার সঙ্গে সেটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।”
তিনি আরও জানান, উদ্ধারকৃত সাপটি পরবর্তীতে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।
শ্রীমঙ্গল বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. কাজী নাজমুল হক জানান, উদ্ধার করা গোখরা সাপটি বিকেলে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।








