শ্রীমঙ্গলে “পার্টনার কংগ্রেস-২০২৬” প্রকল্পের আওতায় ৭০ কৃষক উদ্যোক্তার প্রশিক্ষণ অনুষ্ঠিত
শ্রীমঙ্গল: শ্রীমঙ্গলে কৃষির আধুনিকায়ন, নিরাপদ খাদ্য উৎপাদন ও কৃষি উদ্যোক্তা তৈরির লক্ষ্যে “পার্টনার কংগ্রেস-২০২৬” প্রকল্পের আওতায় ৭০ জন কৃষক উদ্যোক্তাকে নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রশিক্ষণ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জালাল উদ্দিন সরকার, জেলা প্রশিক্ষণ অফিসার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৌলভীবাজার। সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিয়াউর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলাউদ্দিন, উপজেলা সমবায় অফিসার আমিরুল ইসলাম, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রশিক্ষণে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি, নিরাপদ ও বিষমুক্ত খাদ্য উৎপাদন, জলবায়ু সহনশীল চাষাবাদ, কৃষিপণ্যের বাজারজাতকরণ এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
বক্তারা বলেন, বর্তমান সময়ে কৃষিকে লাভজনক ও টেকসই করতে আধুনিক প্রযুক্তির বিকল্প নেই। কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারলে দেশের কৃষি খাত আরও সমৃদ্ধ হবে।
প্রশিক্ষণের সুফল সম্পর্কে আয়োজকরা জানান, এ ধরনের কর্মশালার মাধ্যমে কৃষকরা নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে পারবেন, উৎপাদন খরচ কমিয়ে অধিক ফলন নিশ্চিত করতে পারবেন এবং নিরাপদ খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। পাশাপাশি তরুণদের কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে উৎসাহিত করবে এই প্রকল্প।
অংশগ্রহণকারী কৃষক উদ্যোক্তারা জানান, প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান মাঠ পর্যায়ে কাজে লাগিয়ে আধুনিক ও নিরাপদ কৃষি ব্যবস্থাপনা বাস্তবায়নে তারা কাজ করবেন। এতে কৃষকের আয় বৃদ্ধি পাওয়ার পাশাপাশি দেশের খাদ্য নিরাপত্তাও আরও শক্তিশালী হবে।








