ঢাকা | জুন ১৩, ২০২৬ - ১:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

লোহাগড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জি:মোঃ রাজু আহম্মেদ বাপ্পি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, June 12, 2026 - 4:56 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 13 বার

নড়াইল প্রতিনিধি: আসন্ন লোহাগড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রকৌশলী মোঃ রাজু আহম্মেদ বাপ্পি। প্রতিদিন ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়, কুশল বিনিময় এবং স্থানীয় সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন তিনি।

শুক্রবার সকালে সরেজমিনে দেখা যায়, ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজার এলাকায় গণসংযোগ চালান মোঃ রাজু আহম্মেদ বাপ্পি। এ সময় তিনি স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, কৃষক ও তরুণদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের বিভিন্ন মতামত ও প্রত্যাশার কথা শোনেন। তাঁর সঙ্গে স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

স্থানীয় তরুণদের অনেকেই জানান,মোঃ রাজু আহম্মেদ বাপ্পি একজন শিক্ষিত, সৎ ও আধুনিক চিন্তাধারার মানুষ হিসেবে এলাকায় পরিচিত। প্রকৌশলী হিসেবে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে কাজ করে আসছেন।

বর্তমানে তিনি লোহাগড়া বণিক সমিতি এবং লোহাগড়া ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত এবং মাঠপর্যায়ে তাঁর ব্যাপক যোগাযোগ রয়েছে বলে স্থানীয়দের অভিমত।
গণসংযোগকালে মোঃ রাজু আহম্মেদ বাপ্পি বলেন, “আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং তরুণদের জন্য সুযোগ তৈরিকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চাই। ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন পেলে একটি আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।”

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়নে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীরা নিজেদের অবস্থান জানান দিতে মাঠে সক্রিয় হয়েছেন। এরই অংশ হিসেবে মোঃ রাজু আহম্মেদ বাপ্পি গণসংযোগ ও জনসম্পৃক্ত কার্যক্রমও স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে আগ্রহ বাড়ছে। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নিজেদের পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মসূচি তুলে ধরছেন।