ঢাকা | জুন ২৯, ২০২৬ - ১২:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

চেক রিপাবলিক ও স্লোভাকিয়ায় রাষ্ট্রীয় সফরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, June 28, 2026 - 3:39 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 29 বার

মোঃ নাসির, বিশেষ প্রতিনিধি: আজ ২৮ জুন: বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পাঁচ দিনের সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার উদ্দেশে রোববার ঢাকা ত্যাগ করেছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সফরকালে সেনাপ্রধান চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার প্রতিরক্ষা খাতের উচ্চপদস্থ কর্মকর্তা ও সামরিক নেতৃত্বের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এসব বৈঠকে বাংলাদেশ ও দুই দেশের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণ, সামরিক প্রশিক্ষণ, পেশাগত অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

আইএসপিআর জানায়, এই সফর বাংলাদেশ, চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতে সামরিক সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক পর্যায়ে প্রতিরক্ষা কূটনীতি জোরদার করা, সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে সহযোগিতা সম্প্রসারণে এ ধরনের উচ্চপর্যায়ের সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেনাপ্রধানের এই সফর ইউরোপীয় অংশীদার দেশগুলোর সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সম্পর্ককে আরও গভীর ও কার্যকর করার ক্ষেত্রে ইতিবাচক অবদান রাখবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।