ঢাকা | জুলাই ১০, ২০২৬ - ১:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ডোরড্যাশে খাবার পৌঁছে দিতে গিয়ে ফিলাডেলফিয়ায় গুলিতে বাংলাদেশি নিহত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, July 9, 2026 - 1:18 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 19 বার

মোঃ নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় খাবার সরবরাহের সময় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন বাংলাদেশি প্রবাসী মো. মাহফুজুল হক (৪৩)। তিনি বাংলাদেশের রাজশাহী জেলার বাসিন্দা এবং নর্থইস্ট ফিলাডেলফিয়ায় পরিবার নিয়ে বসবাস করতেন। তার আকস্মিক মৃত্যুতে যুক্তরাষ্ট্রের বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত প্রায় সাড়ে ৯টার দিকে শহরের কিংসেসিং এলাকার সাউথ ইথান স্ট্রিটের ১০০০ ব্লকে গুলিবিদ্ধ অবস্থায় মাহফুজুল হককে উদ্ধার করা হয়। তার মাথার পেছনে গুলির আঘাত ছিল। পরে তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে তার চালু অবস্থায় থাকা গাড়ি, একটি DoorDash-এর খাবার সরবরাহের ব্যাগ এবং রাইফেলের ব্যবহৃত দুটি খোসা উদ্ধার করেছে পুলিশ। তদন্তকারীদের প্রাথমিক ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় মুখোশধারী তিনজনকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়েছে। হত্যাকাণ্ডের উদ্দেশ্য এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

পরিবার ও কমিউনিটি সূত্রে জানা গেছে, মাহফুজুল হক এর আগে উইলো গ্রোভ এলাকার আল-শাম রেস্টুরেন্টে কর্মরত ছিলেন। পরবর্তীতে জীবিকার তাগিদে DoorDash-এর মাধ্যমে খাবার সরবরাহের কাজ শুরু করেন। তিনি স্ত্রী ও ১৪ বছর বয়সী এক সন্তান রেখে গেছেন।

মাহফুজুল হকের মর্মান্তিক মৃত্যুতে ফিলাডেলফিয়াসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত বাংলাদেশিরা গভীর শোক প্রকাশ করেছেন। তারা দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।