ঢাকা | জুলাই ১৩, ২০২৬ - ৪:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

মানবিক কর্মসূচির আওতায় থাকা বিদেশি কর্মীদের চাকরি ছাঁটাইয়ের নির্দেশ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, July 12, 2026 - 12:53 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 32 বার
মো. নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) প্রতিনিধি:
ওয়াশিংটন, ১১ জুলাই: যুক্তরাষ্ট্রে মানবিক কর্মসূচির আওতায় বৈধভাবে কাজ করা কয়েক লাখ বিদেশি কর্মী আগামী কয়েক সপ্তাহের মধ্যেই চাকরি হারানোর ঝুঁকিতে পড়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন নিয়োগকর্তাদের এসব কর্মীর চাকরি সমাপ্ত করার প্রস্তুতি নিতে আনুষ্ঠানিকভাবে নির্দেশ দিয়েছে।
শুক্রবার (১০ জুলাই) যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (DHS) বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগকর্তাদের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠায়। এতে জানানো হয়, যেসব কর্মী টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস (TPS) বা মানবিক সুরক্ষার আওতায় কাজ করছেন এবং যাদের সেই সুরক্ষার মেয়াদ শিগগিরই শেষ হতে যাচ্ছে, তাদের চাকরি আইন অনুযায়ী আর অব্যাহত রাখা যাবে না।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনকে কয়েকটি দেশের নাগরিকদের জন্য দেওয়া অস্থায়ী সুরক্ষা (TPS) প্রত্যাহারের অনুমতি দেয়। এর পরপরই মানবিক কর্মসূচির আওতায় থাকা বিদেশি কর্মীদের চাকরি ছাঁটাইয়ের এই প্রক্রিয়া শুরু হলো। ফলে বিশেষ করে হাইতি ও সিরিয়াসহ একাধিক দেশের হাজার হাজার অভিবাসী কর্মী চাকরি হারানোর পাশাপাশি ভবিষ্যতে বহিষ্কারের আশঙ্কায় দিন কাটাচ্ছেন।
বিশেষজ্ঞদের বিশ্লেষণে বলা হচ্ছে, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পখাতে সরাসরি প্রভাব ফেলতে পারে। স্বাস্থ্যসেবা, আতিথেয়তা, কৃষি, হোম কেয়ার ও পরিচর্যা খাতসহ শ্রমনির্ভর শিল্পগুলোতে দক্ষ ও অভিজ্ঞ শ্রমিক সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে মানবিক কর্মসূচির সুবিধাভোগী বিদেশি কর্মীদের পরিবারগুলো এক অনিশ্চিত ভবিষ্যৎ ও আর্থিক সংকটের মুখে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
মানবাধিকারকর্মী ও অভিবাসী অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো ইতোমধ্যে এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে। তাদের দাবি, দীর্ঘদিন ধরে বৈধভাবে কাজ করা TPS কর্মীদের হঠাৎ করে কর্মহীন ও অনিশ্চয়তায় ঠেলে দেওয়া মানবিকতা ও ন্যায়পরায়ণতার পরিপন্থী। তারা বিষয়টি পুনর্বিবেচনা করে মানবিক কর্মসূচির আওতায় থাকা বিদেশি কর্মীদের সুরক্ষা বজায় রাখার জন্য ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।