নিউইয়র্ক পোস্টের ২৩ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংক অব আমেরিকা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ফিলাডেলফিয়া মহানগর এলাকায় নতুন আসা বাসিন্দাদের ২৭ শতাংশই এসেছেন নিউইয়র্ক অঞ্চল থেকে। অন্যদিকে, রেডফিনের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে নিউইয়র্ক অঞ্চলের বাড়ি ক্রেতাদের কাছে স্থানান্তরের জন্য ফিলাডেলফিয়া ছিল সবচেয়ে জনপ্রিয় গন্তব্য।
বাড়ির দামের পার্থক্যই এই স্থানান্তরের অন্যতম প্রধান কারণ। তথ্য অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে ফিলাডেলফিয়ায় একটি সাধারণ বাড়ির দাম ছিল প্রায় ৩ লাখ ৯ হাজার ডলার। একই সময়ে নিউইয়র্ক মহানগর এলাকায় এর দাম ছিল প্রায় ৮ লাখ ৩২ হাজার ডলার। অর্থাৎ একই বাজেটে ফিলাডেলফিয়ায় তুলনামূলক বড় ও উন্নত বাড়ি কেনার সুযোগ রয়েছে।
প্রতিবেদনে কয়েকজন নিউইয়র্কবাসীর অভিজ্ঞতাও তুলে ধরা হয়েছে। কুইন্সে মাসে ২ হাজার ৩০০ ডলার ভাড়া দিয়ে বসবাস করা লিয়া ললার এখন সাউথ ফিলাডেলফিয়ায় মাসে ১ হাজার ৮০০ ডলারে দুই বেডরুমের একটি টাউনহাউসে থাকছেন। সেখানে রয়েছে ব্যক্তিগত বাইরের জায়গা এবং আগের তুলনায় অনেক বেশি বসবাসের সুবিধা।
অন্যদিকে, ব্রুকলিনে মাসে ৫ হাজার ডলার ভাড়া দেওয়া এক দম্পতি ফিলাডেলফিয়ার সেন্টার সিটিতে প্রায় ৬ লাখ ডলারে একটি বাড়ি কিনেছেন। তাঁদের মতে, তুলনামূলক কম খরচে নিজেদের বাড়ির মালিক হওয়ার সুযোগ তাঁদের জীবনযাত্রায় বড় পরিবর্তন এনেছে।
রিয়েল এস্টেট বিশেষজ্ঞদের মতে, শুধু কম দামে বাড়ি কেনাই নয়, পরিবার বড় করা, সন্তানদের জন্য ভালো স্কুলের ব্যবস্থা, ব্যক্তিগত জায়গা এবং তুলনামূলক শান্ত পরিবেশের আকর্ষণেও নিউইয়র্কের অনেক পরিবার ফিলাডেলফিয়া ও এর আশপাশের শহরতলিতে চলে যাচ্ছেন। কেউ কেউ সপ্তাহে কয়েক দিন নিউইয়র্কে কাজ করেও ফিলাডেলফিয়ায় বসবাসের পরিকল্পনা করছেন। অ্যামট্রাক ট্রেন যোগাযোগও তাঁদের জন্য সুবিধাজনক।
তবে ফিলাডেলফিয়ায় বাড়ির দাম কম হলেও সেখানে প্রতিযোগিতা রয়েছে। ভালো এলাকায় সঠিক দামের বাড়ি বাজারে আসার এক সপ্তাহের মধ্যেই বিক্রি হয়ে যেতে পারে। পাশাপাশি নিউইয়র্কের মতো বৈচিত্র্যময় রেস্তোরাঁ, কেনাকাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাতের বিনোদনের পরিবেশ ছেড়ে যাওয়াও অনেকের জন্য সহজ নয়।
সব মিলিয়ে, নিউইয়র্কের উচ্চ আবাসন ব্যয় অনেক পরিবারকে নতুন করে ভাবতে বাধ্য করছে। একদিকে নিউইয়র্কের কর্মসংস্থান ও নগরজীবনের আকর্ষণ, অন্যদিকে ফিলাডেলফিয়ার তুলনামূলক সাশ্রয়ী আবাসন ও শান্ত পরিবেশ—এই দুইয়ের মধ্যে ভারসাম্য খুঁজছেন অনেক মানুষ।