দুই দফা দাবিতে পঞ্চগড়ে ইউনিয়ন ডাকঘর কর্মচারীদের মানববন্ধন
স্নিগ্ধা খন্দকার, স্টাফ রিপোর্টার:দুই দফা দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন (বাংলাদেশ শাখা), ডাকঘর কর্মচারী সমিতি ও বাংলাদেশ ডাকঘর ঐক্য পরিষদের নেতাকর্মীরা।
সোমবার (১৩ জুলাই) দুপুরে বাংলাদেশ ডাকঘর ঐক্য পরিষদ, পঞ্চগড় জেলা শাখার আয়োজনে শহরের শহীদ মিনারের সামনে ঢাকা-পঞ্চগড় জাতীয় মহাসড়কের একপাশে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ইউনিয়ন ডাকঘর কর্মচারীরা অল্প বেতনে মানবেতর জীবনযাপন করছেন। বেতন-ভাতা বৃদ্ধি এবং উৎসব বোনাসের দাবিতে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হলেও তা বাস্তবায়ন হয়নি। বর্তমান সরকারের কাছে দ্রুত বেতন-ভাতা বৃদ্ধি এবং ঈদ বোনাস চালুর দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, তাদের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু বক্কর সিদ্দিক দুলাল, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আবু তাহের। এ সময় অর্ধশতাধিক ইউনিয়ন ডাকঘর কর্মচারী কর্মসূচিতে অংশ নেন।








