চকরিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হসপিটাল
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে চকরিয়া ও সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে পার্কভিউ হসপিটাল লিমিটেড। সম্প্রতি চকরিয়ার পহরচাঁদা, সরদারপাড়া, দক্ষিণপাড়া এবং সাতকানিয়ার খাগরিয়া এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়।
পার্কভিউ হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিমের দিকনির্দেশনায়, ম্যানেজিং কমিটির অনুমোদনক্রমে এবং মার্কেটিং বিভাগের তত্ত্বাবধানে কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এ কার্যক্রম পরিচালিত হয়।
ডা. এ টি এম রেজাউল করিম বলেন, মানুষের সেবাই পার্কভিউ হসপিটালের মূল দর্শন। দুর্যোগের সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রতিষ্ঠানের নৈতিক দায়িত্ব এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।








