লোহাগাড়ায় প্রধানমন্ত্রীর পক্ষে ক্যান্সার ও হৃদরোগে আক্রান্তদের চিকিৎসা সহায়তা
খলিল চৌধুরী, লোহাগাড়া (চট্টগ্রাম):আওয়ামী লীগের দীর্ঘ দুঃশাসন, দুর্নীতি ও লুটপাটের ক্ষত কাটিয়ে একটি সাম্য, ন্যায়বিচার ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিএনপি সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন।
তিনি বলেন, অতীতে জনগণের সম্পদ লুটপাট করে যারা নিজেদের ভাগ্য গড়েছে, তারা আজ জনগণ থেকে বিচ্ছিন্ন ও পলাতক। আর বিএনপি সরকার জনগণের কষ্ট লাঘব, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং নাগরিকের ন্যূনতম মর্যাদা নিশ্চিত করার রাজনীতি করছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লোহাগাড়ায় ক্যান্সার ও হৃদরোগে আক্রান্ত চার জন অসহায় রোগীকে বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদর হোটেল গ্র্যান্ড মাশাবী রেস্টুরেন্ট হলরুমে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য ফৌজুল কবির ফজলুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী,সাজ্জাদুর রহমান,সালাহ উদ্দিন চৌধুরী সোহেল, হাজি রফিকুল আলম,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম জাহেদ
চৌধুরী,সাংগঠনিক সম্পাদক এস এম আবু সাঈদ চৌধুরী টিটু,এম এ রহিম,এম এ কাশেম,জেলা মৎস্যজীবী দলের আহবায়ক জসিম উদ্দিন,জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জকরিয়া,জেলা যুবদলের সহ-অর্থ সম্পাদক আরিফ উদ্দিন,উপজেলা যুবদলের সদস্য সচিব রাশেদুল হক,সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন প্রমূখ।








