ঢাকা | জুলাই ২৯, ২০২৬ - ৩:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

আড়ম্বর আয়োজনে ১৭তম বাংলাদেশ আমেরিকান ফেস্টিবল অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, July 28, 2026 - 12:51 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 47 বার

সাংবাদদাতা, আহমদ সেবুল : মিশিগানে হাজারো বাঙালির মুখর সমাগমে অত্যন্ত জাঁকজমকপূর্ণ আয়োজনে সম্পন্ন হয়ে গেল বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগান (বাম) এর ১৭ তম বাংলাদেশ আমেরিকান ফেস্টিবল। যা যুক্তরাষ্ট্রে বসবাসরত বাঙালিদের আয়োজনে বৃহত্তম ফেস্টিবলের মধ্যে অন্যতম হিসেবেই বিবেচিত। নিউইয়র্কের পর মিশিগানেই সবচেয়ে বেশি বাঙালিদের বসবাস আর এই ফেস্টিবলে থাকে বাঙালিদের উপচে পড়া ভীড় ও উচ্ছ্বাস।

গত ২৫ ও ২৬ জুলাই, যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটির সিটি স্কয়ারে দুদিন ব্যাপি ১৭ তম বাংলাদেশ আমেরিকান ফেস্টিবল অনুষ্ঠিত হয়েছে। নানাবিধ আয়োজনে বাঙালিদের উপচে পড়া ভীডে মুখর ছিল ফেস্টিবল। যুক্তরাষ্ট্রের মিশিগানসহ বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আগত ৬০ টির অধিক স্টল ফেস্টিবলকে করে তুলে প্রাণবন্ত। বাঙালিদের ঐতিহ্যবাহী খাবারের স্টল, কাপড়, গহনা ও বাচ্চাদের খেলনার স্টল গুলোতে ছিল বিকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের দীর্ঘ লাইন। বেচাকেনা ভালো হওয়ায় ব্যবসায়ীদের বেশ ভালো মুনাফা হয়েছে। দাম নিয়ে ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া থাকলেও অধিকাংশ ক্রেতাই ছিলেন বেশ উচ্ছ্বসিত। বিশেষ করে, ফেস্টিবলের সুষ্ঠু ব্যবস্থাপনা, পর্যাপ্ত পার্কিং ও ভ্রাম্যমাণ টয়লেট এবং সার্বিক নিরাপত্তা নিয়ে উপস্থিত সকলেই সন্তুষ্ট ছিলেন।


ফেস্টিবলের মঞ্চে বিকাল থেকে রাত পর্যন্ত নানাবিধ আয়োজনের মধ্যে উল্লেখযোগ্য ছিল বাঙালিদের ঐতিহ্য তুলে ধরে নৃত্য পরিবেশন ও সংগীতানুষ্ঠান। অনুষ্ঠান সঞ্চালনা করেন মিশিগানে সুপরিচিত মুখ ডা. শারমিন তানিম। ফেস্টিবলের প্রথম দিন গান পরিবেশন করেন স্বনামধন্য বাউল শিল্পী কালা মিয়া ও জনপ্রিয় গায়িকা রেশমি মির্জা এবং দ্বিতীয় দিন ফেস্টিবলের প্রধান আকর্ষণ জনপ্রিয় গায়িকা দিলশাদ নাহার কনা ও এ প্রজন্মের তুমুল জনপ্রিয় মোজা। এছাড়াও স্থানীয় কয়েকজন সংগীত শিল্পী ও ব্যান্ড দল ফেস্টিবলের মঞ্চে সংগীত পরিবেশন করেন।

ফেস্টিবলের দ্বিতীয় দিন বিকাল থেকেই সিটি স্কয়ারে ছিল বাঙালিদের ঢল। সন্ধ্যার পর কনা মঞ্চে উঠতেই বাঙালিদের বাঁধভাঙা উচ্ছ্বাস দেখে তিনি আবেগে আপ্লুত হয়ে যান। উপস্থিত সকল দর্শকদের উদ্দেশ্যে তিনি তার ভালোবাসার বহিঃপ্রকাশ করেন। গানে গানে মাতিয়ে তুলেন বাংলাদেশ আমেরিকান ফেস্টিবল। সর্বশেষ মোজা মঞ্চে উঠার পর পুরো মঞ্চ কাঁপিয়ে সংগীত পরিবেশন করেন। দাঁপিয়ে বেড়ান মঞ্চ সহ গ্যালারি অবধি। দর্শকদের নিয়ে নেচে গেয়ে প্রাণবন্ত করে তুলেন সিটি স্কয়ার।

বামের সভাপতি জাবেদ চৌধুরী বলেন, “এবারে ১৭ তম বাংলাদেশ আমেরিকান ফেস্টিবল সফল ও সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে পারায় সংগঠনের সকল নেতৃবৃন্দ ও সদস্য, স্পন্সর, ভেন্ডর, মিডিয়ার সাংবাদিকবৃন্দ, যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনৈতিক নেতৃবৃন্দ, কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ এবং সর্বোপরি ফেস্টিবলে উপস্থিত সকল দর্শকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি”।