ঢাকা | অক্টোবর ২৫, ২০২৬ - ১:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ঢাবির ক্যাম্পাসে হ্যালুসিনেশন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, October 24, 2026 - 6:03 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 17 বার
মুহম্মদ আজিজুল হক-চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত-
প্রাণের টানে এক ছুটির দিনে গিয়েছিলাম
ঢাবির প্রিয় ক্যাম্পাসে; তার প্রশান্ত শ্যামল চত্বরে।
দেখি সহসাই হাঁটে আমাকে ঘিরে স্মৃতির প্রেতাত্মারা।
আমি হাঁটি, তারাও হাঁটে। আশ্চর্য! এরা কারা?
কিছুটা কুয়াশার মতো ছায়ায় তারা;
সাদাকালো মুখ আর পোশাক  পরা।
বয়সে তরুণ সবাই;
কৈশোরের গন্ধবহ নতুন যৌবনে।
কিন্তু কারা এরা?
চোখের কুয়াশা কচলে আবার দেখি;
ওহ, তোমরা, সুজা, রেজা, আখতার, শফিক?
বাবুল, ইকবাল, হান্নান, রফিক?
ঐ তো দেলোয়ার, সালাম, উলফাত।
বাহ! সবাই আছো?
চলো হেঁটে হেঁটে দেখি, কথা বলি,
বহুকাল আসিনি এ ক্যাম্পাসে।
কী আশ্চর্য! কথা কেউ বলছো না কেন?
দেখো, এইখানে বসে আমরা একদিন
ক্যামেরাবন্দি করেছিলাম নিজেদেরকে।
ঐখানে চুটিয়ে আড্ডা কত !
চলো, ইংরেজি ডিপার্টমেন্টে একটু ঘুরে আসি।
এই তো এই করিডোরে কত কাটিয়েছি সময়;
কত হাসি,কত তামাশায়!
তোমাদের মনে আছে নিশ্চয়।
ঐ দেখো রেবা, রীনা, লিলি, নাসরিন, শাহিনা,
ঐ না ফেয়ারী কুইন ইয়াসমিন?
দেখেছি তারে করিডোরে হাঁটতে যুবক এক স্যারের
পাশাপাশি কত যে দিন!
ইনুর আড়চোখে  ছিল কেবলই ইলোরা।
বুদ্ধিদীপ্ত কথায় ইমপ্রেস কোরবার
সে কী নিদারুণ প্রচেষ্টা ছিল তার!
দেলুর জগৎ ঘুরতো এক রাজকুমারীকে ঘিরে
তার কাছেই দেলুর মন থাকতো অনুক্ষণ পড়ে।
আর ঐ তো পারছা, আয়েশা, ডালিয়া নওশীন!
পারছা বেগম ছিল একদম ক্লাসের সেরা ছাত্রী;
ডালিয়া গাহিত টেলিভিশনে যাদুকরী নজরুল-গীতি।
স্যারেরা কি আছেন তাঁদের নিজ নিজ রুমে?
সমযের উল্টো স্রোতে আজ আমরা ফিরেছি
উনিশ শ’ সত্তরের ধামে।
ঐতো একে একে হেঁটে যাচ্ছেন শ্রদ্ধেয় সিক স্যার,
কবির চৌধুরী, আহসানুল হক, শামসুদ্দোহা,
রেজাউর রহমান, নিজামুল হক, মঞ্জুরুল ইসলাম,
হুসনে আরা হক, রাজিয়া খান, নিয়াজ জামান,
শওকত হোসেন, কাশীনাথ স্যার, আর এনারি হুসেন।
কেউ কোনো কথা বলছেন  না যে, তাঁরা!
শুধু নির্বাক হেঁটে চলেছেন, যেন এক নীরব মিছিল।…….
এরপর হঠাৎ উধাও……
কই, বন্ধুরা, তোমরা কোথায় গেলে? পাশেই তো ছিলে।
এখানে এসেই তো তোমাদের পেলাম। হঠাৎ পালালে কোথায়?
 আমি যে একা! এতক্ষণ কাদের সাথে ছিলাম?