ঢাকা | আগস্ট ১, ২০২৬ - ১০:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মির্জাপুরে ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, August 1, 2026 - 2:23 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 11 বার

সিনিয়র স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের মির্জাপুরে নির্মাণাধীন সরকারি প্রতিষ্ঠান ‘রোড অপারেশনাল ইউনিটে’ ডাকাতির চেষ্টাকালে জনতার হাতে ধরা পড়ে গণপিটুনিতে শুকুর আলী (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার জামুর্কী ইউনিয়নের কদিম ধল্যা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আহত হন প্রতিষ্ঠানটির নিরাপত্তাকর্মী খোকন শেখ।

নিহত শুকুর আলী টাঙ্গাইলের কালিহাতি উপজেলার নারিদা নগরবাড়ি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। তাঁর নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।

পুলিশ সূত্রে জানা যায় , কদিম ধল্যা এলাকায় ‘রোড অপারেশনাল ইউনিট’ প্রতিষ্ঠানটির নির্মাণকাজ চলমান। দুপুরে ৬-৭ জনের একটি দল একটি পিকআপ নিয়ে সেখানে ডাকাতির চেষ্টা চালায়। নিরাপত্তাকর্মী খোকন শেখ বাধা দিলে তাঁকে পিটিয়ে এবং মাথায় গুরুতর আহত করা হয়।

নিরাপত্তাকর্মীর আর্তচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে দলের সদস্যরা পিকআপ নিয়ে পালিয়ে যায়। শুকুর আলী নামে একজন জনতার হাতে ধরা পড়েন। পরে গণপিটুনিতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।।আহত খোকন শেখকে উদ্ধার করে জামুর্কীর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।খবর পেয়ে মির্জাপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়।

এ ব্যাপারে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁর নামে বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে।