ট্রাম্পের দাবি: শান্তি চুক্তির কাঠামোতে সম্মত ইরান, স্থগিত যুক্তরাষ্ট্রের পরিকল্পিত হামলা
মো. নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) প্রতিনিধি:মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ সম্ভাব্য শান্তি চুক্তির মৌলিক কাঠামো বা ‘পেরিমিটার’-এ সম্মত হয়েছে। এ কারণে ইরানের ওপর পরিকল্পিত নতুন সামরিক হামলা আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।
শনিবার (১ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রকে সামরিক অভিযান স্থগিত রাখার অনুরোধ জানিয়েছে, কারণ একটি সম্ভাব্য শান্তি চুক্তির ভিত্তি নিয়ে সমঝোতা হয়েছে।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, সম্ভাব্য চুক্তির অন্যতম শর্ত হলো হরমুজ প্রণালি অবিলম্বে সম্পূর্ণভাবে আন্তর্জাতিক নৌযান চলাচলের জন্য খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির সমাপ্তি নিশ্চিত করা। তিনি আরও দাবি করেন, এ উদ্যোগে ইসরায়েলও সমর্থন দিয়েছে।
তবে ট্রাম্প সতর্ক করে বলেন, দ্রুত চূড়ান্ত চুক্তি না হলে যুক্তরাষ্ট্র পুনরায় সামরিক পদক্ষেপের বিষয়টি বিবেচনা করতে পারে। তিনি আশা প্রকাশ করেন, কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকটের শান্তিপূর্ণ সমাধান সম্ভব হবে।
এদিকে ইরানের পক্ষ থেকে ট্রাম্পের ঘোষণার বিষয়ে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো নিশ্চিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, সামরিক সংঘাত এড়িয়ে কূটনৈতিক সমাধানের এ উদ্যোগ সফল হলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার পাশাপাশি বৈশ্বিক জ্বালানি বাজারেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।








