মান্দায় মজিদপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ৬০০ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি, গুণীজন সম্মাননা
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় মজিদপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৬০০ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। একই অনুষ্ঠানে গুণীজন সম্মাননা ও এক শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ১২টায় মাদ্রাসা চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোকলেছুর রহমান মকে, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল এবং মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূর আলম।
অনুষ্ঠানের শুরুতে মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মহাম্মদ আকমাল হুসাইনের অবসরগ্রহণ উপলক্ষে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এ সময় প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এছাড়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা শিক্ষক আনিছার রহমান, মফিজ উদ্দিন ও মোসলেম উদ্দিনকে বিশেষ কৃতি সম্মাননা দেওয়া হয়। তাদের হাতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ক্রেস্ট ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।
পরে মাদ্রাসার ৬০০ শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তির অর্থ ও প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।








