ঢাকা | আগস্ট ১০, ২০২৬ - ১২:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রিয়াদে সোফা কারখানায় আগুন, ১৬ বাংলাদেশি নিহত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, August 10, 2026 - 3:37 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 20 বার

সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবের রাজধানী রিয়াদের মুসা সানাইয়া এলাকায় একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁ জেলার আত্রাই উপজেলায়। বাকি তিনজনের মধ্যে দুজন নাটোর এবং একজন রাজশাহীর বাগমারা উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সময় রোববার দুপুর আনুমানিক ২টার দিকে কারখানাটিতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে কারখানায় থাকা শ্রমিকরা আটকা পড়েন। পরে সৌদি ফায়ার সার্ভিস ও প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন।

জানা গেছে, ওই কারখানায় মোট ১৭ জন বাংলাদেশি শ্রমিক কাজ করতেন। অগ্নিকাণ্ডের সময় তাঁদের মধ্যে ১৬ জন কারখানায় ছিলেন। আগুনে দগ্ধ হয়ে এবং ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে তাঁদের মৃত্যু হয়।

তবে ভাগ্যক্রমে বেঁচে গেছেন হাবিবুর রহমান নামে এক বাংলাদেশি শ্রমিক। অগ্নিকাণ্ডের সময় তিনি সেলুনে শেভ করতে যাওয়ায় কারখানায় ছিলেন না।

এ ঘটনায় নিহতদের অধিকাংশের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায় হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের মধ্যে চলছে আহাজারি ও উৎকণ্ঠা।

এদিকে নিহতদের পরিচয় নিশ্চিতকরণ, মরদেহ হস্তান্তর ও দেশে ফেরানোর বিষয়ে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশ দূতাবাস যোগাযোগ রাখছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত চলছে।

 

সর্বশেষ আপডেট নিউজ