ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটিতে বন্দুক হামলার সন্দেহভাজন গ্রেপ্তার, আহত ৫
মো. নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটিতে (ভিএসইউ) সংঘটিত বন্দুক হামলার ঘটনায় ১৯ বছর বয়সী এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন, যার মধ্যে একজনের অবস্থা এখনও আশঙ্কাজনক।
স্থানীয় সময় শনিবার ভোররাত প্রায় ১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকা কোয়াড অ্যানেক্সেসের কাছে এ হামলার ঘটনা ঘটে। হামলার পরপরই পুরো ক্যাম্পাসে জরুরি সতর্কতা জারি করা হয় এবং সাময়িকভাবে ক্যাম্পাস লকডাউন করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সেই লকডাউন প্রত্যাহার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া সন্দেহভাজনের নাম ক্যামরন হ্যারিস। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন। আহত পাঁচজনের মধ্যে মাত্র একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যিনি চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। আহতদের বয়স ১৭ থেকে ২৩ বছরের মধ্যে।
তদন্তকারীরা জানিয়েছেন, অভিযুক্তকে একটি ছাত্রাবাসের কক্ষের আলমারিতে লুকিয়ে থাকা অবস্থায় আটক করা হয়। তার বিরুদ্ধে গুরুতর আঘাত এবং আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগসহ আটটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে তাকে জামিন ছাড়াই আটক রাখা হয়েছে।
হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি পুলিশ। ঘটনাটির তদন্তে স্থানীয় পুলিশের পাশাপাশি ফেডারেল সংস্থা এটিএফও সহযোগিতা করছে।
উল্লেখ্য, নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার মাত্র দুই দিন আগে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে ক্যাম্পাসে কোনো তাৎক্ষণিক নিরাপত্তা ঝুঁকি নেই এবং শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।








