ঢাকা | আগস্ট ১৬, ২০২৬ - ৮:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বোনের বিতর্কিত মন্তব্যকে হাতিয়ার করে আব্দুলকে টার্গেট রিপাবলিকানদের, মিশিগান সিনেট নির্বাচনে নতুন বিতর্ক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, August 16, 2026 - 12:56 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 26 বার

মো. নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনকে ঘিরে নতুন রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। ডেমোক্রেটিক দলের প্রার্থী আব্দুল এল-সায়েদের পরিবারের সদস্যের মন্তব্যকে কেন্দ্র করে রিপাবলিকান নেতারা নতুন করে তাঁর বিরুদ্ধে প্রচারণা শুরু করেছেন।

সম্প্রতি মিশিগানে ডেমোক্রেটিক দলের প্রাথমিক নির্বাচনে বিজয়ী হওয়ার পর আব্দুল এল-সায়েদ রিপাবলিকানদের তীব্র সমালোচনার মুখে পড়েন। বিভিন্ন রাজনৈতিক বিজ্ঞাপন ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচারণায় তাঁর পারিবারিক সম্পর্ক, ধর্মীয় পরিচয় এবং পরিবারের সদস্যদের মন্তব্যকে নির্বাচনী ইস্যু হিসেবে তুলে ধরা হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মিশিগানের সিনেট নির্বাচন যুক্তরাষ্ট্রের ক্ষমতার ভারসাম্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ কারণে রিপাবলিকানরা শুরু থেকেই আব্দুল এল-সায়েদকে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রাখার কৌশল গ্রহণ করেছে। ইতোমধ্যে সিনেট রিপাবলিকানদের সমর্থিত রাজনৈতিক অ্যাকশন কমিটি তাঁর বিরুদ্ধে নতুন টেলিভিশন ও ডিজিটাল বিজ্ঞাপন প্রচারে অতিরিক্ত অর্থ বিনিয়োগ করেছে।

অন্যদিকে, ডেমোক্রেটিক নেতাদের দাবি, আব্দুল এল-সায়েদের বিরুদ্ধে পরিচালিত প্রচারণার একটি বড় অংশ তাঁর মুসলিম পরিচয়কে ঘিরে গড়ে উঠেছে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, প্রাথমিক নির্বাচনে জয়ের পর তাঁকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলামবিদ্বেষী মন্তব্যের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে।

বিশ্লেষকদের মতে, আগামী নভেম্বরের সাধারণ নির্বাচনে আব্দুল এল-সায়েদের নীতিগত অবস্থান, অভিবাসননীতি, স্বাস্থ্যসেবা এবং মধ্যপ্রাচ্যবিষয়ক দৃষ্টিভঙ্গি নিয়ে বিতর্ক আরও তীব্র হতে পারে। তিনি রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের মুখোমুখি হতে যাচ্ছেন এবং এই নির্বাচন যুক্তরাষ্ট্রের সিনেটের নিয়ন্ত্রণ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।