ডিপোর্টেশন ফ্লাইট থেকে ফিরে এলেন মার্কিন সেনার ব্রাজিলিয়ান স্ত্রী
মো. নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) প্রতিনিধি: এক মাসেরও বেশি সময় আইসিই হেফাজতে থাকার পর ব্রাজিলে ডিপোর্টেশনের জন্য বিমানে তোলা হয়েছিল মার্কিন সেনা কর্মকর্তা অ্যালেক্সিস জারামিলোর স্ত্রী মাইসা লোপেস এলিয়াসারকে। তবে মাঝ আকাশে হঠাৎ সিদ্ধান্ত বদলে যায়। আইসিই কর্মকর্তারা একটি ফোনকল পাওয়ার পর তাকে ব্রাজিলে না গিয়ে যুক্তরাষ্ট্রে ফিরে আসার সুযোগ দেন। তিনি যুক্তরাষ্ট্রে ফেরার সিদ্ধান্ত নেন।
৩২ বছর বয়সী এলিয়াসারকে গত ৮ জুলাই একটি অভিবাসন সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্টে আটক করা হয়। ২০১৯ সালে পর্যটন ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশের পর ভিসার মেয়াদ শেষ হলেও দেশে অবস্থান করায় এপ্রিলে তার বিরুদ্ধে চূড়ান্ত অপসারণের আদেশ দেওয়া হয়েছিল।
এলিয়াসারের স্বামী ইউএস আর্মির স্টাফ সার্জেন্ট অ্যালেক্সিস জারামিলো। স্ত্রী আটক হওয়ার পর তিনি সাময়িকভাবে দায়িত্ব থেকে ছুটি নিয়ে তাদের পাঁচ বছর বয়সী সন্তানের দেখাশোনা করেন।
ব্রাজিলগামী বিমানে থাকা অবস্থায় আইসিই কর্মকর্তারা এলিয়াসারকে জানান, তার মামলাটি ব্যাপকভাবে আলোচিত হয়েছে। পরে তিনি বিমানে করেই যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় ফিরে আসেন। ঘটনাটি মার্কিন সামরিক পরিবারের অভিবাসন সুরক্ষা ও আইসিইর আটক নীতি নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।
এলিয়াসার এখন তার অভিবাসন মামলা পুনরায় খোলার চেষ্টা করছেন এবং গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়া এগিয়ে নিতে চান। তিনি জানিয়েছেন, এক মাসের বেশি সময়ের আটক ও ডিপোর্টেশনের অভিজ্ঞতা তার জন্য অত্যন্ত মানসিকভাবে কঠিন ছিল।








