ঢাকা | আগস্ট ১৯, ২০২৬ - ১১:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

দুদকের নতুন কমিশনার ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়াকে অভিনন্দন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, August 19, 2026 - 2:56 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 26 বার

মো. নাসির, প্রতিনিধি: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য ও ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন। গত ১৭ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

দুদকের ইতিহাসে ট্যাক্স ক্যাডারের কোনো কর্মকর্তার কমিশনার হিসেবে নিয়োগ পাওয়ার ঘটনা এটিই প্রথম বলে জানা গেছে। এর আগে ট্যাক্স ক্যাডারের একাধিক কর্মকর্তা দুদকের বিভিন্ন পদে ডেপুটেশনে দায়িত্ব পালন করলেও কমিশনার পদে ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়াই প্রথম নিয়োগ পেলেন।

ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ট্যাক্স ক্যাডারে যোগ দেন। দীর্ঘ তিন দশকের বেশি কর্মজীবনে তিনি করনীতি, কর আইন, আর্থিক ব্যবস্থাপনা, ক্যাশ ফ্লো অ্যানালাইসিস এবং অর্থ পাচার প্রতিরোধসহ আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে কাজ করেছেন। ২০২২ সালে তিনি এনবিআরের সদস্য পদ থেকে অবসর গ্রহণ করেন।

এর আগে তিনি ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে (আইসিবি) সিনিয়র অফিসার, এবি ব্যাংকে প্রভিশনারি অফিসার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৫ সালের ৪ মে তিনি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান।

শিক্ষাজীবনেও ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়ার রয়েছে উল্লেখযোগ্য সাফল্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ থেকে তিনি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

নতুন দায়িত্বে তাঁর দীর্ঘ প্রশাসনিক ও আর্থিক অভিজ্ঞতা দুর্নীতি প্রতিরোধ, আর্থিক অনিয়ম শনাক্তকরণ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

অভিনন্দন ও শুভেচ্ছা

দৈনিক নবোদয় ডট কমের নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) প্রতিনিধি মো. নাসিরের পক্ষ থেকে ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়াকে দুদকের নতুন কমিশনার হিসেবে নিয়োগ পাওয়ায় জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

তাঁর মেধা, দক্ষতা ও দীর্ঘ অভিজ্ঞতার মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এই প্রত্যাশা করি।

নতুন দায়িত্বে তাঁর সর্বাঙ্গীণ সাফল্য, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

অভিনন্দন ও শুভেচ্ছা, ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া।