ট্রাম্পের নতুন উদ্যোগে যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে আবারও বিতর্ক
মো. নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) প্রতিনিধি :ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলেই নাগরিকত্ব পাওয়ার দীর্ঘদিনের নীতিকে আরও সীমিত করার উদ্যোগ নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৬ আগস্ট ২০২৬ তিনি জন্মসূত্রে নাগরিকত্বের পরিধি সীমিত করা এবং তথাকথিত ‘বার্থ ট্যুরিজম’ বন্ধে দুটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন।
নতুন আদেশে বিদেশি সরকারের কর্মকর্তা, নির্দিষ্ট ‘এলিয়েন এনেমি’ এবং নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে বাণিজ্যিকভাবে সন্তান জন্মদানের ব্যবস্থার সঙ্গে যুক্ত কিছু ক্ষেত্রে জন্মসূত্রে নাগরিকত্ব না দেওয়ার কথা বলা হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে ভ্রমণ ঠেকাতে ভিসা ব্যবস্থায়ও কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে ট্রাম্প প্রশাসনের এই উদ্যোগকে ঘিরে বড় ধরনের আইনি প্রশ্ন তৈরি হয়েছে। এর আগে ৩০ জুন ২০২৬ যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ৬-৩ রায়ে ট্রাম্পের আগের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার নির্বাহী আদেশ বাতিল করে। আদালত বলেছে, সংবিধানের ১৪তম সংশোধনীর অধীনে যুক্তরাষ্ট্রের মাটিতে জন্ম নেওয়া অধিকাংশ শিশুই জন্মের সময় নাগরিকত্বের অধিকারী।
নতুন আদেশের বিরোধীরা বলছেন, প্রেসিডেন্ট নির্বাহী আদেশের মাধ্যমে সংবিধানস্বীকৃত নাগরিকত্বের অধিকার নতুন করে সীমিত করতে পারেন না। ইতোমধ্যে নতুন আদেশের বিরুদ্ধে আদালতে আইনি চ্যালেঞ্জও শুরু হয়েছে।
ফলে যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্বের দীর্ঘদিনের নীতি, অভিবাসন এবং প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা নিয়ে বিতর্ক আবারও দেশটির রাজনীতি ও আদালতে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।








