ঢাকা | নভেম্বর ২৪, ২০২৬ - ৫:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

যুক্তরাষ্ট্রে ট্রেন থেকে ২ কোটি ২৫ লাখ ডলারের পণ্য চুরির অভিযোগ, ১৪ জনের বিরুদ্ধে ফেডারেল মামলা-

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, November 23, 2026 - 2:45 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 34 বার
প্রতিবেদক: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র)লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া: যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় মালবাহী ট্রেন থেকে ২ কোটি ২৫ লাখ ডলারেরও বেশি মূল্যের পণ্য চুরির অভিযোগে ১৪ জনের বিরুদ্ধে ফেডারেল আদালতে মামলা করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চুরি হওয়া পণ্যের মধ্যে রয়েছে হাজার হাজার জোড়া নাইকি ও হোকা ব্র্যান্ডের জুতা, মিলওয়াকি পাওয়ার টুলস এবং জেবিএল ইলেকট্রনিকস।

মার্কিন বিচার বিভাগের (DOJ) তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অন্তত ৩৬টি মালবাহী ট্রেন থেকে এসব পণ্য চুরি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২১ বছর বয়সী নাথান অ্যাঞ্জেল এই চক্রের নেতৃত্ব দিতেন। তার বাবা, দুই চাচা এবং আরও কয়েকজন সহযোগী এই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে তদন্তকারীদের দাবি।

অভিযোগ অনুযায়ী, চক্রটি পরিকল্পিতভাবে উচ্চমূল্যের পণ্যবাহী ট্রেনকে লক্ষ্যবস্তু করত। ট্রেনের এয়ার হোস কেটে দিয়ে ট্রেন থামানো হতো। এরপর কয়েকজন সদস্য ট্রেনে উঠে মালামাল নামিয়ে ট্রাক ও ভ্যানে করে বিভিন্ন গোপন গুদাম বা বাড়িতে নিয়ে যেতেন।

পরবর্তীতে এসব চোরাই পণ্য কালোবাজারে বিক্রি করা হতো বলে অভিযোগ রয়েছে।

তদন্তকারীদের দাবি, ২০২৫ সালের মে থেকে অক্টোবরের মধ্যে চক্রের দুই সদস্য হাজার হাজার জোড়া চোরাই নাইকি জুতা ও অন্যান্য পণ্য একটি অজ্ঞাত প্রতিষ্ঠানের কাছে বিক্রি করেন। এসব পণ্য বিক্রি করে প্রতিষ্ঠানটি প্রায় ১০ লাখ ৮১ হাজার ৪৯৩ ডলার পরিশোধ করেছিল বলে আদালতের নথিতে উল্লেখ রয়েছে।

এক বছরেরও বেশি সময় ধরে তদন্তের পর গত ১৯ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার অভিযোগপত্র প্রকাশ করা হয়। এতে মোট ১৭টি অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

মার্কিন ফেডারেল প্রসিকিউটর বিল এসাইলি বলেন, এই চুরির ব্যাপকতা অত্যন্ত উদ্বেগজনক। যারা ট্রেন থেকে পণ্য চুরি করে এবং যারা জেনেশুনে সেই চোরাই পণ্য বিক্রি করে অর্থ উপার্জন করে, তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্তদের বিরুদ্ধে ষড়যন্ত্র, আন্তঃরাজ্য রেলপথে পরিবহন করা পণ্য চুরি এবং চোরাই মালামাল গ্রহণ ও বিক্রির মতো অভিযোগ আনা হয়েছে। কিছু অভিযুক্তের বিরুদ্ধে রেল পরিবহনের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগও রয়েছে। দোষী সাব্যস্ত হলে অভিযোগের ধরন অনুযায়ী তাদের দীর্ঘমেয়াদি কারাদণ্ড হতে পারে।

যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সরবরাহব্যবস্থার নিরাপত্তা রক্ষায় এ ধরনের অপরাধ দমনে কর্তৃপক্ষ কঠোর অবস্থান নিয়েছে।

তবে আদালতে অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্ত প্রত্যেকেই আইন অনুযায়ী নির্দোষ বলে বিবেচিত হবেন।