ঢাকা | সেপ্টেম্বর ৩, ২০২৬ - ১২:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মায়ের প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে ঘুষ, প্রতিবাদে ১৭ বছরের শাহেদের ‘ঘুষ ডট সাইট’

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, September 2, 2026 - 10:44 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 33 বার

প্রতিবেদক: মো. নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র):মায়ের মৃত্যুর পর সরকারি প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে গিয়ে ঘুষের তিক্ত অভিজ্ঞতা হয় ১৭ বছর বয়সী শাহেদ শরীফ আহমেদ ও তার পরিবারের। সেই অভিজ্ঞতা থেকেই ঘুষের বিরুদ্ধে প্রযুক্তিকে হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে এই কিশোর। তৈরি করেছে ‘ঘুষ ডট সাইট’, যেখানে পরিচয় গোপন রেখে ঘুষ চাওয়ার অভিজ্ঞতা জানাতে পারছেন সাধারণ মানুষ।

শাহেদের মা আমিনা খাতুন ময়মনসিংহ সদরের আজমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। ২০২২ সালের ডিসেম্বরে তার মৃত্যুর পর পরিবারের প্রায় ৭ লাখ টাকা প্রভিডেন্ট ফান্ড পাওনা ছিল। পরিবারের অভিযোগ, ওই টাকা তুলতে ট্রেজারি অফিস, জেলা শিক্ষা অফিস ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে মোট ৩৮ হাজার টাকা ঘুষ দিতে হয়েছে।

শাহেদের দাবি, এখনো পরিবারের আরও প্রায় ১০ লাখ টাকা পাওনা রয়েছে এবং সেই অর্থের ফাইল এগিয়ে নিতে আরও ১ লাখ টাকা ঘুষ চাওয়া হচ্ছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কেউ কেউ ঘুষ চাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।

এ ছাড়া নিজের পাসপোর্ট করাতেও ঘুষের অভিজ্ঞতা হয়েছিল শাহেদের। এসব ঘটনার প্রতিবাদে মাত্র দুই ঘণ্টার কোডিংয়ে ‘ঘুষ ডট সাইট’-এর প্রাথমিক কাঠামো তৈরি করে সে। গত ২১ আগস্ট সাইটটি চালু হয়।

সাইটটি চালুর মাত্র নয় দিনের মধ্যে প্রায় ৯ হাজার ৬৬৫টি অভিযোগ জমা পড়েছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। অভিযোগে দাবিকৃত ঘুষের পরিমাণ প্রায় ৩২১ থেকে ৩৩২ কোটি টাকা বলে উল্লেখ করা হয়েছে। অভিযোগগুলো যাচাই-বাছাই করে প্রকাশ করা হচ্ছে এবং ভুক্তভোগীদের পরিচয় গোপন রাখা হচ্ছে।

মাত্র ১৭ বছর বয়সে শাহেদের এই উদ্যোগ দুর্নীতির বিরুদ্ধে তরুণ প্রজন্মের প্রযুক্তিনির্ভর প্রতিবাদের একটি ব্যতিক্রমী উদাহরণ হয়ে উঠেছে। তার লক্ষ্য—সরকারি সেবা পেতে যেন কোনো নাগরিককে ঘুষ দিতে না হয় এবং দুর্নীতির তথ্য স্বচ্ছভাবে মানুষের সামনে আসে।