ফেনীর লালপোলে সড়ক দুর্ঘটনায় কাস্টমস কর্মকর্তা নিহত, আহত ১০
আনোয়ার হোসেন, বিশেষ প্রতিনিধি: ফেনীর লালপোল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কাস্টমস বিভাগের এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
রোববার (৬ সেপ্টেম্বর) রাতে লালপোল এলাকায় চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে বাসচালক নিয়ন্ত্রণ হারালে বাসটি মহাসড়কের পাশে উল্টে যায়।
দুর্ঘটনায় নিহত আব্দুল আলিম (৪০) কাস্টমস বিভাগের একজন কর্মকর্তা ছিলেন। আহতদের দ্রুত উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।








