পঞ্চগড়ে দাদুর অটোভ্যানের চাকায় পিষ্ট হয়ে ২ বছরের শিশুর মৃত্যু
স্নিগ্ধা খন্দকার, পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের দামুপাড়া গ্রামে দাদুর অটোভ্যানের চাকায় পিষ্ট হয়ে সায়ান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত সায়ান ওই গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে নিজ বাড়ি থেকে অটোভ্যান বের করার সময় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সায়ানের দাদু মোবারক সকালে বাড়ির ঘর থেকে অটোভ্যানটি বের করছিলেন। এ সময় সায়ান ভ্যানটির পেছনে দাঁড়িয়ে ছিল। মোবারক শিশুটিকে দেখতে না পাওয়ায় অটোভ্যানটি পেছনের দিকে নেওয়ার সময় সায়ানকে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সায়ানকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, “ঘটনাটি সম্পর্কে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।”








