ঢাকা | সেপ্টেম্বর ১২, ২০২৬ - ১০:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ময়মনসিংহ সদরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, September 12, 2026 - 11:11 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 12 বার

আরিফ রব্বানী ময়মনসিংহ:ডেঙ্গুর প্রাদুর্ভাব ও বিস্তার রোধে এডিস মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধে ময়মনসিংহ সদরে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর কর্মসূচির অংশ হিসাবে ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও শিক্ষক শিক্ষার্থীদের সাথে নিয়ে নিজ হাতে ঝাড়ু,কাচি দিয়ে আবর্জনা পরিস্কার করে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। এ সময় সহকারী কমিশনার ভূমি সৈয়দা তামান্না হুরায়রাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উক্ত কর্মসুচী ১২ সেপ্টেম্বর ২০২৬ হতে আগামী ১২ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত ৩ মাসব্যাপী এ অভিযান চলবে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম বলেন, মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমকে নিয়মিত সামাজিক উদ্যোগ হিসেবে নিতে হবে। এ কাজে পদ-পদবির কোনো বিষয় নেই। সবাইকে স্বেচ্ছাসেবকের ভূমিকা নিয়ে অংশ নিতে হবে।

তিনি বলেন, প্রতি শনিবার অন্তত এক ঘণ্টা করে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হলে সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে কার্যকর ফল পাওয়া সম্ভব। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষকে এ কার্যক্রমে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, ময়মনসিংহ সদর উপজেলায় আগামী তিন মাস প্রতি শনিবার জেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক ধারাবাহিকভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হবে। নির্ধারিত রুটিন অনুযায়ী বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এ অভিযান পরিচালনা করা হবে।

তিনি বলেন, নিজ নিজ এলাকার বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। প্রতি সপ্তাহে অন্তত এক ঘণ্টা এ কাজে দেওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

কর্মসূচিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী, স্কাউট, গার্লস গাইড ও অন্যান্য সুধীজন ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত অনুষ্ঠানে যুক্ত হন। উদ্বোধনী অনুষ্ঠানের পরে অফিস প্রাঙ্গণ, শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি উপজেলার বিভিন্ন মহল্লায় জনসাধারণের মাঝে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম
পরিচালনা করা হয়।

পরিচ্ছন্নতা অভিযানে উপজেলা কমপ্লেক্সের বিভিন্ন স্থানে জমে থাকা পানি, ময়লা-আবর্জনা ও মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থানসমূহ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট সকলকে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং কোথাও পানি জমে থাকতে না দেওয়ার বিষয়ে সচেতন করা হয়।

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতার কোনো বিকল্প নেই।নিজের ঘর, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখুন, পানি জমতে দেবেন না এবং ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান উপজেলা নির্বাহী অফিসার।