ভূল্লীতে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
ঠাকুরগাঁও প্রতিনিধি: ‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) উপজেলার কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় ভূল্লী উপজেলার বিভিন্ন মাধ্যমিক পর্যায়ের ২৮টি বিদ্যালয় অংশগ্রহণ করে। কয়েক দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূল্লী উপজেলা নির্বাহী অফিসার সাদ্দাম হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাজমুল ইসলাম (লাল), বালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইদ্রিস আলী, সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন, কুমারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস আলীসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও প্রতিযোগিতার মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে ক্রীড়া চর্চার বিকল্প নেই।
তারা আরও বলেন, প্রতিটি শিক্ষার্থীর মধ্যেই কোনো না কোনো প্রতিভা রয়েছে। সঠিক পরিচর্যা ও সুযোগ পেলে এসব প্রতিভা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম বয়ে আনতে পারে। তাই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত ক্রীড়া চর্চার পরিবেশ তৈরি এবং প্রতিভাবান খেলোয়াড়দের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা জরুরি।
প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া ইভেন্টে নিজেদের দক্ষতা ও নৈপুণ্য তুলে ধরে। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন অতিথিরা। পুরস্কার পাওয়ার পর শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করার পাশাপাশি তাদের সুস্থ, সুন্দর ও সুশৃঙ্খল জীবন গঠনে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আগামী দিনেও ভূল্লী উপজেলার শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিভা বিকাশে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।








