ঢাকা | সেপ্টেম্বর ১৬, ২০২৬ - ৬:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে বাসসের মফস্বল সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, September 16, 2026 - 10:29 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 8 বার

রাজধানীর জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে বাংলাদেশ সংবাদ সংস্থা—বাসসের মফস্বল সাংবাদিকদের জন্য ‘সাংবাদিকতা, ভিডিও সাংবাদিকতা ও মোবাইল সাংবাদিকতা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিকতার মৌলিক বিষয়, সংবাদ সংগ্রহ ও পরিবেশন, ভিডিও সাংবাদিকতার কৌশল এবং মোবাইল ফোনের মাধ্যমে মানসম্মত সংবাদচিত্র ধারণ ও প্রতিবেদন তৈরির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

প্রশিক্ষণে অংশ নেওয়া বাসসের মফস্বল সাংবাদিকদের আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে দ্রুত, বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে মোবাইল সাংবাদিকতায় সংবাদ সংগ্রহ থেকে শুরু করে ভিডিও ধারণ, শব্দ, আলো, ফ্রেমিং, সাক্ষাৎকার গ্রহণ এবং মোবাইলেই ভিডিও সম্পাদনার বিভিন্ন কৌশল তুলে ধরা হয়।

প্রশিক্ষকরা বলেন, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে সাংবাদিকতার ধরনও বদলে যাচ্ছে। বর্তমানে একটি স্মার্টফোনের মাধ্যমেই সংবাদ সংগ্রহ, ভিডিও ধারণ, সম্পাদনা ও তাৎক্ষণিকভাবে পাঠানোর সুযোগ তৈরি হয়েছে। ফলে মফস্বল পর্যায়ের সাংবাদিকদের প্রযুক্তিনির্ভর সাংবাদিকতায় দক্ষতা অর্জন সময়ের গুরুত্বপূর্ণ দাবি।

কর্মশালায় সংবাদ যাচাই, নির্ভুল তথ্য উপস্থাপন, সাংবাদিকতার নৈতিকতা এবং দায়িত্বশীলভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

দিনব্যাপী এ প্রশিক্ষণে বাসসের বিভিন্ন জেলা ও মফস্বল এলাকার সাংবাদিকরা অংশ নেন। প্রশিক্ষণের মাধ্যমে মাঠপর্যায়ে আরও দক্ষতার সঙ্গে সংবাদ সংগ্রহ ও আধুনিক মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরিতে সাংবাদিকদের সক্ষমতা বাড়বে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।