বারহাট্টায় রবিদাস সম্প্রদায়ের যাতায়াতের সমস্যা সমাধানে সরেজমিনে পরিদর্শন করলেন ইউএনও
মামুন কৌশিক, নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার বারহাট্টার বাউসি ইউনিয়নের প্রেমনগর ছালিপুড়া এলাকায় প্রায় ১৮ টি রবিদাস সম্প্রদায়ের পরিবারের বসবাস।দীর্ঘদিন ধরে প্রায় ৬০ জন বাসিন্দা সেখানে বসবাস করলেও তাদের যাতায়াতের রাস্তা ছিল না। কোন রকমে বিমল ও বিপ্লব নামের দুই ব্যক্তির বাড়ির পাশ দিয়েই চলাচল করে আসছিল তারা।কিন্তুু কিছুদিন আগে বিমল ও বিপ্লব তাদের বাড়ির পাশে মন্দির নির্মাণ করায় চলাচলের পথটি প্রায় বন্ধ হয়ে গিয়েছিল।
রবিদাস সম্প্রদায়ের ১৮ টি পরিবারের চলাচলের রাস্তার দাবীর প্রেক্ষিতে বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার আজ ১৬ সেপ্টেম্বর বিকাল ৫ টার দিকে সরেজমিনে ওই এলাকা পরিদর্শন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ উবায়েদ উল্লাহ খান ও উপজেলা প্রকৌশলী কাজী আব্দুল বাতেন।
পরিদর্শনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ১৮ টি পরিবারের চলাচলের জন্য উপযোগী একটি রাস্তা করে দেওয়ার জন্য ওই এলাকার সম্ভাব্য হালট ও নদীর পাড় ঘুরে দেখেন।পরিদর্শন শেষে অতি দ্রুত রবিদাস সম্প্রদায়ের রাস্তার সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি ।
উপজেলা নির্বাহী কর্মকর্তার সরেজমিনে পরিদর্শনে খুশি হয়ে ওই সম্প্রদায়ের বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ে স্মৃতি মনি জানান আমরা অনেক অবহেলিত শুধু একটা রাস্তার জন্য।আমাদের অনেক ভাই বোন স্কুলে যায়।কিন্তুু প্রায় সময়ই রাস্তার জন্য তাদের স্কুলে যেতে প্রতিবন্ধকতার মুখে পরতে হয়।বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের দু:খ সরেজমিনে দেখতে এসেছেন এজন্য আমরা খুব খুশি।আশা করি উনি দ্রুত আমাদের এই কষ্ট দূর করে দিবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার জানান,সরেজমিন পরিদর্শনে দেখা যায় রবিদাস সম্প্রদায়ের জন্য যান চলাচল উপযোগী সম্ভাব্য রাস্তাটি কিছু অংশ ব্যাক্তি মালিকাধীন। এখানে রাস্তা নির্মাণ করতে হলে ব্যাক্তি কর্তৃক স্বেচ্ছায় অনুমতির প্রেক্ষিতে রাস্তা নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে।








