চাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়া পাখি অবমুক্ত করেছে সদর উপজেলা প্রশাসন
ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:চাঁপাইনবাবগঞ্জে অসাধু শিকারীদের কাছ থেকে উদ্ধার হওয়া ২৩টি বন্য টিয়া পাখি অবমুক্ত করেছে সদর উপজেলা প্রশাসন।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে পাখিগুলো উন্মুক্ত আকাশে ছেড়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন।
ইউএনও জানান, সুন্দরপুর ইউনিয়নের সুভাগ উচ্চ বিদ্যালয়ের পাশে ফাঁদ পেতে টিয়া পাখি ধরা হচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বন বিভাগের কর্মকর্তারা সেখানে অভিযান চালান। তবে কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে শিকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ২৩টি টিয়া পাখি উদ্ধার করে উপজেলা প্রাঙ্গণে এনে অবমুক্ত করা হয়।
বন্যপ্রাণী সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িত অপরাধীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ইউএনও। পাখিগুলো অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হক নাহিদ, বন কর্মকর্তা নাইমা আক্তার, সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর আলম সহ অনেকে।








