আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, পুলিশ কমিশনারের কাছে আবেদন
স্টাফ রিপোর্টার: আদালতের সুস্পষ্ট রায়, নামজারি ও সরকারি নোটিশ থাকা সত্ত্বেও জমিতে প্রবেশে বাধা প্রদান, ভয়ভীতি প্রদর্শন এবং জোরপূর্বক ফসল কেটে নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় ন্যায্যবিচার, দখলিকৃত জমি উদ্ধার ও আসামিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনারের কাছে আবেদন জানিয়েছেন ভুক্তভোগী বাদী এসএম জিয়াউল কবির।

গত ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আরএমপি কমিশনার বরাবর লিখিত এক আবেদনে ভুক্তভোগী অভিযোগ করেন, রাজশাহী মহানগরীর দামকুড়া থানার হরিপুর ও গোপালপুর মৌজার মোট ৪ একর ০৪ শতক জমির মধ্যে তাঁর স্বত্বদখলীয় ৭৩.৫০ শতক এবং অন্য পক্ষের ২৯৩.৪২ শতক জমি সরকারিভাবে সুস্পষ্টভাবে সীমানা নির্ধারিত রয়েছে। এছাড়া এডিএম আদালতের রায় ও সরকারি নোটিশ অনুযায়ী তাঁর স্বত্ব নির্ধারিত থাকলেও প্রতিপক্ষ ও তাদের সহযোগীরা আইন অমান্য করে জোরপূর্বক জমি ও জমির ফসল দখল করে ভোগ করছে।
আবেদনে ভুক্তভোগী অভিযোগ করেন, এজাহারনামীয় আসামিদের পাশাপাশি আরও বেশ কয়েকজন সহযোগী বেআইনিভাবে জমিতে অনুপ্রবেশ ও ভয়ভীতি প্রদর্শন করছে। এ জন্য তিনি মামলায় ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩’-এর নির্দিষ্ট ধারা এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারাগুলো যুক্ত করার পাশাপাশি নতুন সহযোগীদের চার্জশিটে অন্তর্ভুক্ত করার আবেদন জানান।
ভুক্তভোগী বাদীর দাবি, পুলিশ প্রশাসনের মাধ্যমে সরকারি আইন ও আদালতের আদেশ বাস্তবায়নের মাধ্যমে তাঁর বেদখল হওয়া জমির দখল পুনঃউদ্ধার এবং আনুমানিক ৫ (পাঁচ) লক্ষ টাকার ফসলি ক্ষতির উপযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত করা হোক। আবেদনটির সঙ্গে জেলা মেজিস্ট্রেটের স্মারক, এডিএম আদালতের রায়ের কপি, ভূমি অফিসের প্রতিবেদনসহ ১৪ পাতার নথিপত্র প্রমাণ হিসেবে সংযুক্ত করা হয়েছে।







